বিকিকিনিতে জমজমাট চট্টগ্রামের টেরিবাজার
মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজেই বিপুলসংখ্যক ক্রেতা ভিড় করেছেন টেরিবাজারে। দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের এই পাইকারি বাজারের ৮২টি বিপণিকেন্দ্রে চলছে পুরোদমে বেচাকেনা।গতকাল রোববার দুপুরে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। নগরের অন্যান্য বিপণিকেন্দ্র থেকে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে সব ধরনের কাপড় ও পোশাক এখানে বিক্রি হয় বলে জনশ্রুতি রয়েছে।টেরিবাজার ঘুরে দেখা গেল, দোকানগুলোতে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, পর্দা, বেডসিট, লুঙ্গি, গামছা, মশারিসহ যাবতীয় কাপড়ের পাইকারি ও খুচরাবাজার জমে উঠেছে আসন্ন ঈদ ঘিরে। ঈদের জন্য বাহারি ও দামি জামা, শাড়ি, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, স্যুটের কাপড়, থানকাপড় থেকে জাকাতের কাপড় সব মানের ও মূল্যের পোশাক ও কাপড় পাওয়া যায় টেরিবাজারে।নগরের জিইসি মোড় থেকে ঈদের যাবতীয় পোশাক ও কাপড় কিনতে পরিবারের সব সদস্য নিয়ে টেরিবাজারের পরশমণিতে আসেন জোহরা সুলতানা। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানে কয়েকটা দোকান ঘুরলেই সব পোশাক কিনতে পাওয়া যায়। এমনকি কোনো কোনো দোকানে তো নারী-পুরুষ সবার জন্যই বিভিন্ন পোশাকের সম্ভার আছে। দামও তুলনামূলক কম।নগরের অন্যান্য কয়েকটি বিপণিকেন্দ্রে গত কয়েক দিন পোশাক দেখেছি। আজ (রোববার) এখান থেকে কিনে নিচ্ছি।’ শাড়ি ও থ্রি-পিস বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘পরশমণি’র অন্যতম মালিক আবদুল মান্নান বলেন, ‘পাইকারি দামের কাছাকাছিতেই আমরা খুচরায়ও কাপড় বিক্রি করি। পাশাপাশি বাছাই করে পোশাক কেনার সুযোগ টেরিবাজারে বেশি। তাই ক্রেতারা এখানে বেশি আসেন।’ শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবি-থ্রি-পিস সব সম্ভার নিয়ে সেজে উঠেছে তিন তলা মাসুম ক্লথ স্টোর। এখানে ক্রেতাদের ভিড়ও লক্ষণীয়।এসব প্রতিষ্ঠানের মালিক ও বিক্রয়কর্মীরা জানান, এসব বাহারি পোশাক কেনা হয় ঢাকা, টাঙ্গাইল,পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, দুবাইসহ বিভিন্ন দেশ থেকে। বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় থ্রি-পিসের কাপড়ের মধ্যে গঙ্গা, সানাসাফিনা, আদা, মিশাল, সভ্যতা, বিপুলের চাহিদা বেশি। এগুলো বিক্রি হচ্ছে তিন হাজার থেকে ১৫ হাজার টাকায়। কুশাল, ক্লাসিক ও এনডি ব্র্যান্ডের পাঞ্জাবি বিক্রি এক হাজার ২০০ থেকে নয় হাজার টাকায়। দেশি সুতির শাড়ির দাম ৩০০ থেকে ১০ হাজার, সিল্ক ৫০০ থেকে ৮০ হাজার টাকা, জামদানি এক হাজার ৫০০ থেকে ১২ হাজার টাকায়, কাতান এক হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।