বিকৃত ছবি ইন্টারনেটে প্রতিবাদে মানববন্ধন
এক শিক্ষিকার ছবি বিকৃত করে মুঠোফোন ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া এবং আপত্তিকর ভাষায় শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে গত সোমবার সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।নাগরিক সমাজের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে ছাত্রছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।মানববন্ধন শেষে নাগরিক সমাজের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর দেওয়া সঞ্চারকলিপিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়। এ ছাড়া কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেনকে ওই বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।ওই শিক্ষিকা জানান, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক আ ফ ম লুৎফর রহমান স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ তাঁকে দেওয়া হয়। এতে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে।সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মহন সরকার জানান, ‘শিক্ষিকার বিকৃত ছবি ইন্টারনেটে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁকেই নোটিশ’ শিরোনামে গত শুক্রবার প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে শনিবার তিনি ও কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলা সদরের ওই বিদ্যালয়ে তদন্তে যান। তদন্ত চলাকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের উপস্থিতিতে তাঁকে বহিরাগত ব্যক্তিরা নাজেহাল করেন।তবে শাহাদাৎ হোসেন দাবি করেন, বিদ্যালয়ে স্বাভাবিকভাবে তদন্ত হয়েছে। কয়েকজন সাংবাদিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছিলেন, তিনি থামিয়ে দিয়েছিলেন।