নারায়ণগঞ্জে বিকেএমইএর পরিচালক ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের মালিকানাধীন ভবনে ত্রুটি খুঁজে পেয়েছে সিটি করপোরেশনের তদন্ত দল।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, চার প্রকৌশলীর ওই তদন্ত দল ২ মে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ‘মুজিব ভবন’ পরিদর্শনকালে ষষ্ঠ তলার ছাদের অনেকগুলো বিমের মাঝ বরাবর দুটি থেকে চারটি করে ফাটল দেখতে পায়। ভবনটির সিঁড়ির পাশের একটি কলামে, ছাদের কিছু অংশে এবং পঞ্চম তলার কয়েকটি বিমের মাঝ বরাবর দু-তিনটি করে ফাটল চিহ্নিত করেছে দলটি। ছয়তলা ভবনের পুরোটাই এ কে ফ্যাশনস লিমিটেড নামের একটি পোশাক কারখানাকে ভাড়া দেওয়া হয়েছে। পরিদর্শনকালে ভবনের মালিক উপস্থিত না থাকায় ভবনের নকশা কেউ দেখাতে পারেননি।
মুজিবর রহমান সিটি করপোরেশনের মেয়রের কাছে লেখা এক আবেদনপত্রে ৩১ মে পর্যন্ত পোশাক কারখানাটি চালু রাখার আবেদন জানিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। ২০০৬ সালে তিনি তৎকালীন সিদ্ধিরগঞ্জ পৌরসভা থেকে ভবনটির নকশার অনুমোদন নেন।
গত ২৯ এপ্রিল এই ভবনে ফাটল দেখা দেওয়ায় পোশাক কারখানার শ্রমিকেরা আতঙ্কে বেরিয়ে যান। শিল্পাঞ্চল পুলিশ-৪-এর পরিচালক মাহবুব আলম জানান, শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করে বিশেষজ্ঞদের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মালিক পরদিনই কারখানা চালু করেন।
মুজিবর রহমান গতকাল বুধবার দাবি করেন, তাঁর ভবনে যেসব ফাটল দেখা দিয়েছিল, তা ইতিমধ্যে মেরামত করা হয়েছে। মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, সিটি করপোরেশনের প্রকৌশলীরা ইতিমধ্যে ভবনটি পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছেন। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
গত ৩০ এপ্রিল ও ১ মে এ-সংক্রান্ত সংবাদ প্রথম আলোয় ছাপা হয়েছে।