বিকেএমইএ নেতার ভবনসহ আটটি কারখানায় ফাটল
গাজীপুর ও নারায়ণগঞ্জে সাতটি ভবনে ফাটল দেখা দেওয়ায় গতকাল সোমবার আটটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রকৌশলীদের দিয়ে ভবনগুলো পরীক্ষা না করা পর্যন্ত কারখানাগুলো বন্ধ রাখতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।এসব ভবনের মধ্যে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) পরিচালক আওয়ামী লীগের এক নেতার ভবনও রয়েছে।গাজীপুরে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন অর্ধশত শ্রমিক। টঙ্গীতে ক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে মিছিল করেন এবং কয়েকটি কারখানা ও একটি মাইক্রোবাস ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার ভুলতা আউখাবো এলাকায় বেনেটেক্স লিমিটেড কারখানার সাততলা ভবনের দোতলায় ফাটল দেখতে পেয়ে গতকাল সকালে প্রায় ছয় হাজার শ্রমিক কারখানা থেকে বের হয়ে সামনের মাঠে অবস্থান নেন। পুলিশ গিয়ে কারখানা বন্ধ করে দেয়।কারখানার ব্যবস্থাপক রতন কুমার রায় বলেন, ‘আমরা ভবনের দেয়ালের পলেস্তারা ভেঙে শ্রমিকদের দেখিয়েছি, ভবনে বিম বা বেজমেন্টে কোনো সমস্যা নয়।’অন্যদিকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় থানা আওয়ামী লীগের সভাপতি ও বিকেএমইএর পরিচালক মজিবর রহমানের মালিকানাধীন ছয়তলা ভবন ভাড়া নিয়ে পোশাক কারখানা করেছে এ কে ফ্যাশন লিমিটেড। মজিবর রহমান বলেন, ‘ভূমিকম্প হলে ভবনের দেয়াল একটু ফাটতে পারে। শ্রমিকেরা এত দিন কাজ করলেও কোনো সমস্যা হয়নি। আমরা ফাটল মেরামতের উদ্যোগ নিয়েছি।’এ কে ফ্যাশনের মালিক ও প্রকৌশলী কামরুল হাসান বলেন, ‘১৬-১৭ বছর ধরে এ ভবনে ব্যবসা করছি। ভবনের বেজমেন্টে কোনো সমস্যা নেই। দেয়ালের পলেস্তারায় কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। এর সঙ্গে ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার কোনো সম্পর্ক নেই।’গাজীপুর: সদর উপজেলার ডেগেরচালা এলাকায় ডায়াডেম সোয়েটার কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় অনেকগুলো স্থানে ফাটল দেখা যায়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কারখানার ১০ শ্রমিক আহত হন। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মণ্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার আটতলা ভবনে ফাটল দেখা গেলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১২ শ্রমিক আহত হন। কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আমিনুল ইসলাম বলেন, পাঁচতলা পুরোনো ভবনের ওপর মালিক নতুন করে তিনটি তলা করেন। এ কারণে কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। অবশ্য এ জন্য ভবনের কোনো সমস্যা হবে না। কালিয়াকৈর উপজেলার মৌচাক রহমত টেক্সটাইল ও মোনটেক্স লিমিটেড কারখানা ভবনে গতকাল ফাটল দেখা দেয়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন।টঙ্গী (গাজীপুর): টঙ্গীর সাতাইশ সড়কে অবস্থিত ২৩/১ নম্বর বাড়ির দীন মোহামঞ্চদের সাততলা ভবনে ফাটল দেখা দেয়। ওই ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় তারাটেক্স নিটিং কারখানা এবং নিচতলা, পঞ্চম ও সপ্তম তলায় এসপিএম ডিজাইনস সোয়েটার কারখানা। সকালে শ্রমিকেরা মূল ফটকের সামনের দেয়ালে ফাটল দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। শ্রমিকেরা মুঠোফোনে ঘটনাটি অন্য কারখানার শ্রমিকদের জানান। খবর পেয়ে আশপাশের কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে বেলা পৌনে একটায় বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ভাঙচুর করেন কয়েকটি কারখানা ও একটি মাইক্রোবাস।তারাটেক্সের পরিচালক নিয়ামুল হাসান অভিযোগ করেন, ভবনের মালিক দীন মোহাম্মদ ছয়তলার অনুমোদন নিয়ে সাততলা তৈরি করেন। অতিরিক্ত লোডের কারণে ফাটল ধরতে পারে।বিষয়টি স্বীকার করে দীন মোহামঞ্চদ বলেন, শিগগিরই সাততলা ভেঙে ফেলা হবে।গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফাটল দেখা দেওয়ায় পাঁচটি ভবনের মালিককে বলেছি, কোনো প্রকৌশলীর মাধ্যমে ভবন পরীক্ষা করিয়ে তার পরই কারখানা খোলা যাবে।’