বিকেএমইএর নির্বাচন আজ
নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচন আজ শনিবার। সকাল নয়টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ৬৫২ জন ভোটার নারায়ণগঞ্জ ক্লাবে ও ঢাকায় বিকেএমইএর কার্যালয়ে ভোট দেবেন।নির্বাচনে বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেল প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স এবং বিকেএমইএর বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।বিকেএমইএর নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য প্রবীর কুমার সাহা জানান, নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টার ও ঢাকার বিকেএমইএর কার্যালয়ে একই সময়ে ভোট গ্রহণ করা হবে। র্যাব ও পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের নেতা ও সংগঠনের সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘তিন মেয়াদে ছয় বছর বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কাজ করেছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিকেএমইএর শক্তিশালী অবস্থান গড়ে তোলার চেষ্টা করেছি। প্রবীণ ও নবীনের সমন্বয়ে আমাদের প্যানেল গড়ে উঠেছে। আমরা আশাবাদী, ভোটাররা আমাদের কাজের মূল্যায়ন করবেন।’অন্যদিকে সেলিম ওসমান বলেন, তিনি আশাবাদী যে ভোটাররা তাঁর প্যানেলকে নির্বাচিত করবেন।ফজলুল হকের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের প্রার্থীরা হলেন: কাশেম জামাল, সাবেক পরিচালক জাহিদুল হক, আবুল কালাম আজাদ, শেখ মনোয়ার হোসেন, শেখ হায়দার আলী, ফজলে শামীম, এম এ বাসেদ, শেখ আবদুস সালাম, ফকির কামরুজ্জামান, খাজা আহসানউল্লাহ, ফয়সাল গোলাম হোসেন, আনোয়ার হোসেন, ইমরান ফারুক, মতিউর রহমান, শামীম আহম্মেদ, এম কায়সার, শেখ ফখরুদ্দিন আলী আহাম্মদ, আবু শাহরিয়ার জাহিদী, জুলফিকার আলী শিকদার, শামীম আহসান, মির্জা মোহাম্মদ জামসেদ, মাহাবুবুর রহমান, মাহবুব আলম ও মাসুদুজ্জামান। অন্যদিকে বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদের প্রার্থীরা হলেন: মোহাম্মদ হাতেম, মঞ্জুরুল হক, হাবিবুর রহমান, আবু আহমেদ সিদ্দিক, মনসুর আহমেদ, এ এইচ আসলাম, শামীম আহমেদ, গোলাম জাকারিয়া ভূইয়া, হুমায়ুন কবির খান, শাহাজাহান আলম, শফিকুজ্জামান, শ্যামল কুমার সাহা, সামশুজ্জামান, মজিবুর রহমান, মোস্তফা জামাল পাশা, জামাল উদ্দিন, মহিউদ্দিন ফারুকী, আলমগীর কবির, মাহমুদ হাসান, আসাদুল ইসলাম, জি এম ফারুক, শহীদ উদ্দিন আহমেদ, মাহতাবউদ্দিন চৌধুরী, শামীম চৌধুরী, ইমরান হোসেন ও নন্দ দুলাল সাহা।এদিকে নির্বাচনে বর্তমান সভাপতি সেলিম ওসমান যাতে পুনরায় নেতৃত্বে আসতে না পারেন, সে ব্যাপারে ভোটারদের মধ্যে ঐকমত্য হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, সেলিম ওসমান গত দুই বছর বিকেএমইএর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বাণিজ্যিক সংগঠনকে পরিণত করেছেন ভাইদের আঞ্চলিক ক্লাবে। বিকেএমইএর পরিচালনা পর্ষদকে বাধ্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তাঁর ভাই শামীম ওসমানের পক্ষে কাজ করার জন্য।