বিকেএমইএর পাঁচ কর্মকর্তার কাছে ফোনে চাঁদা দাবি, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক মালিক সমিতির (বিকেএমইএ) পরিচালনা পর্ষদের পাঁচ সদস্যের কাছে গতকাল রোববার মুঠোফোনে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য বিকেএমইএর পক্ষ থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডি সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে দুপর ১২টার মধ্যে মুঠোফোনে বিকেএমইএর প্রথম সহসভাপতি আবদুর রাশেদ, পরিচালক জি এম ফারুক, হাসান মাহমুদ, তাপস কুমার সাহা ও মোতালেব জোয়ারদারকে একে একে ফোন করা হয় এবং সবার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। অন্যথায় হত্যার হুমকি দেওয়া হয়।হুমকিদাতা মুঠোফোনে নিজেকে শীর্ষ সন্ত্রাসী মিজান পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। হুমকিদাতা প্রত্যেককে বলেছে, সে শীর্ষ সন্ত্রাসী মিজান। তার বাহিনীতে ৭০ থেকে ৭৫ জন সদস্য রয়েছে। কারও বিরুদ্ধে মামলা রয়েছে, কেউ আহত হয়ে চিকিত্সাধীন আছে। এ জন্য তাদের ৭২ লাখ টাকা দরকার। সদলবলে তারা এখন কলকাতা থেকে ফিরে এসেছে। দুটি মুঠোফোন নম্বর থেকে এসব ফোন করা হয়।বিকেএমইএর পরিচালক জি এম ফারুক প্রথম আলোকে জানান, তাঁর কাছে দুবার ফোন করা হয়। ১৩ লাখ টাকা চাঁদা না দিলে ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার হুমকি দেওয়া হয়। এ কারণে তিনিসহ সংগঠনের অন্য কর্মকর্তারা শঙ্কিত। আরেক পরিচালক তাপস কুমার সাহা জানান, তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।এ বিষয়ে বিকেএমইএর সভাপতি ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, তাঁকেও গত শনিবার দুই দফায় মোবাইল ফোনে এক ব্যক্তি চাঁদা দাবি করে। তিনি বিষয়টি পাত্তা দেননি। গতকাল সংগঠনের অন্য কর্মকর্তাদের কাছে চাঁদা চেয়ে ফোন করায় বিষয়টি তিনি পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বিকেএমইএর জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আকরাম হোসেন জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।