পোশাক কারখানা খোলা রাখতে বাধ্য করার অভিযোগে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমানের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জে বিক্ষোভ হয়েছে। নারায়ণগঞ্জ শহরে বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে তাঁর বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।পোশাকশ্রমিকেরা জানান, ঢাকার সাভারে বহুতল ভবনধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় সরকার গতকাল সারা দেশে জাতীয় শোক ঘোষণা করেছিল। কিন্তু নারায়ণগঞ্জের পোশাক কারখানার মালিকেরা শোক পালন না করেই কারখানা খোলা রাখেন। এর প্রতিবাদে বেলা একটার দিকে ফতুল্লার কাঠেরপুল, ফতুল্লা শিল্পাঞ্চলের তক্কার মাঠ, শিবু মার্কেটসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করেন। এর মধ্যে অনেক শ্রমিক মিছিল নিয়ে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দেন।সেখানে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও সিপিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম অভিযোগ করেন, সরকার জাতীয় শোক ঘোষণা করলেও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান নারায়ণগঞ্জের পোশাক কারখানার মালিকদের কারখানা খোলা রাখতে বাধ্য করেছেন।সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও গার্মেন্টস শ্রমিক সংহতির অন্য নেতারা বক্তব্য দেন।সমাবেশ শেষে শ্রমিকেরা শহরের প্রধান সড়কে মিছিল করেন এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে অবস্থিত বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সেলিম ওসমানের বিরুদ্ধে নানা স্লোগান দেন।বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের বক্তব্য পাওয়া যায়নি। তবে সমিতির সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘সরকার জাতীয় শোক ঘোষণা করলেও কারখানা বন্ধের সিদ্ধান্ত দেয়নি। সাভারে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন কারখানায় দোয়া করা হয়েছে।’