বিকেএসপির অকেজো ইনডোর স্টেডিয়াম: তদন্তে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অকেজো ইনডোর স্টেডিয়াম নির্মাণের পেছনে কারা জড়িত, তা তদন্ত করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য কমিটির সদস্য নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে গঠিত উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

গত ১৪ জুলাই ‘বিকেএসপির অদ্ভুত ইনডোর স্টেডিয়াম, গ্রীষ্মে ভেতরে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রির বেশি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন ১৫ জুলাই ‘অকেজো ইনডোর স্টেডিয়াম, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশিত হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি তদন্ত করে জানতে পেরেছে, নকশার ত্রুটির কারণে বিকেএসপির ইনডোর স্টেডিয়ামটি খেলোয়াড়দের প্রশিক্ষণের অনুপযোগী। কমিটি মনে করে, এই নকশা যারা অনুমোদন করেছে, তারাই এর জন্য দায়ী। এ ছাড়া ইনডোর স্টেডিয়ামটিতে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা-ও সংসদীয় উপকমিটি তদন্ত করে দেখবে।

জানতে চাইলে কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল আজ সোমবার প্রথম আলোকে বলেন, আয়ারল্যান্ডের মতো শীতপ্রধান দেশ থেকে ধারণা নিয়ে বাংলাদেশের মতো গরমপ্রধান দেশে কীভাবে এ ধরনের একটি স্টেডিয়াম তৈরি করা হলো—এর জন্য কেউ না কেউ অবশ্যই দায়ী। কমিটি সেটা তদন্ত করবে এবং তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান মডার্ন বিল্ডার্স ভবনটি তৈরি করে। এতে সরকারের ব্যয় হয়েছে ১৬ কোটি টাকার মতো। সরেজমিনে গিয়ে জানা যায়, আয়ারল্যান্ড থেকে ধারণা নিয়ে দেড় লাখ বর্গফুট আয়তনের এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। এতে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। গরমকালে আয়ারল্যান্ডের তাপমাত্রা থাকে ১০ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং শীতে ৫ থেকে ৮ ডিগ্রি। অন্যদিকে গরমকালে ঢাকার তাপমাত্রা থাকে ৩২ থেকে ৩৬ ডিগ্রি এবং শীতে ১৪ থেকে ১৯ ডিগ্রি। যে কারণে তৈরি করা ইনডোর স্টেডিয়ামটিতে গরমকালে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রির ওপরে, যা খেলোয়াড়দের ব্যবহারের অনুপযোগী।

তবে সংসদীয় কমিটির মধ্যস্থতায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ইনডোর স্টেডিয়ামটিতে বড় আকারের কিছু জানালা তৈরি করে দেওয়ার কাজ শুরু করেছে। এতে তাদের ব্যয় হবে আরও ৫৯ লাখ টাকা।

জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, নাহিম রাজ্জাক ও নুরুল ইসলাম তালুকদার অংশ নেন।