
সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ইনডোর স্টেডিয়ামের ভেতরে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। কারণ, ভবনটির নকশার কারণে সেখানে দিনের আলো ঢুকলেও বাতাস ঢোকে না। বিকেএসপির সূত্র বলেছে, এ কারণে গত বছর ইনডোর স্টেডিয়ামে অনুশীলন বাধাগ্রস্ত হয়েছে। এবারও হচ্ছে।
বিষয়টি জেনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি সম্প্রতি অদ্ভুত এই ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করে বলেছে, এমন গরম পরিবেশে অনুশীলন করানোর মানে হলো খেলোয়াড়দের শাস্তি দেওয়া। আর বিশেষজ্ঞ দলের প্রতিবেদনে বলা হয়েছে, শীতপ্রধান দেশ আয়ারল্যান্ডের ইনডোর স্টেডিয়ামের আদলে এটি নির্মাণ করায় এ বিপত্তি।
জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল প্রথম আলোকে বলেন, দুই বছর ধরে বিকেএসপির খেলোয়াড়েরা এই ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করে যাচ্ছে, এটা ভাবতেই অবাক লাগে। কারণ, অসহনীয় তাপমাত্রায় তাদের অনুশীলন করতে হয়েছে। এখন আশার কথা হলো, যাতে আলোর সঙ্গে বাতাসও পাওয়া যায়, সে জন্য ঠিকাদার নতুন করে কিছু কাজ করে দিতে রাজি হয়েছেন।
বিকেএসপির সূত্র বলেছে, বৃষ্টি হলে বা কোনো কারণে বাইরের মাঠ খেলার অনুপযোগী থাকলে খেলোয়াড়দের অনুশীলনের বিকল্প ব্যবস্থা হিসেবে ইনডোর স্টেডিয়ামটি তৈরি করা হয়। এর আয়তন (দেড় লাখ বর্গফুট) একটি ফুটবল মাঠের সমান। নাম দেওয়া হয়েছে ‘বিকেএসপি ইনডোর স্পোর্টস এরিনা’। বিকেএসপির সব কটি বিভাগের একই সময়ে এখানে অনুশীলন করা সম্ভব। স্টেডিয়ামটি নির্মাণের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিকেএসপির কয়েকজন কর্মকর্তা ধারণা নিতে আয়ারল্যান্ড গিয়েছিলেন। নিয়োগ করা পরামর্শকের নকশা অনুযায়ী ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মডার্ন বিল্ডার্স স্টেডিয়ামটি নির্মাণ করে। এতে ব্যয় হয় প্রায় ১৬ কোটি টাকা। এটি উদ্বোধন করা হয় ২০১৪ সালে।
সূত্র বলেছে, গরমকালে আয়ারল্যান্ডে তাপমাত্রা থাকে ১০ থেকে ১৭ ডিগ্রি, শীতকালে ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গরমকালে ঢাকার তাপমাত্রা থাকে ৩২ থেকে ৩৬ ডিগ্রি এবং শীতে ১৪ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে এটি বাংলাদেশের আবহাওয়ার উপযোগী হয়নি।
বিকেএসপির কর্মকর্তারা বলেন, সাধারণত বাইরে যে তাপমাত্রা থাকে, ইনডোরে সেই তাপমাত্রা ৫-৭ ডিগ্রি বেড়ে যায়। গত বছর গরমকালে পরিমাপ করে ভেতরে তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি পাওয়া যায়।
বিকেএসপি থেকে এই পরিস্থিতি মন্ত্রণালয়ে জানানোর পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল জব্বার খানকে প্রধান করে বিশেষজ্ঞ দল গঠন করা হয়। পরিদর্শন শেষে এই দলের প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের ইনডোরের আদলে করায় এই বিপত্তি। এ কারণে এখানে শীতকালেও তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে না। এটিকে ব্যবহারের উপযোগী করতে হলে বাতাস চলাচলের ব্যবস্থা আরও উন্নত করতে হবে। ছোট জানালার পরিবর্তে বড় বড় জানালা ব্যবহার করতে হবে।
সংসদীয় কমিটি বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
জানতে চাইলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রথম আলোকে বলেন, কাজটি হয়েছে আগের সরকারের আমলে। কাজটির জন্য যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তাঁর নকশা অনুযায়ী কাজ করাতেই ইনডোর স্টেডিয়ামের বদলে গুদাম তৈরি হয়েছে।
সংসদীয় কমিটির মধ্যস্থতায় এবং বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী মডার্ন বিল্ডার্স নিজ খরচে স্টেডিয়ামটি ব্যবহারের উপযোগী করে দিতে রাজি হয়েছে। এ জন্য ঠিকাদারের বাড়তি ব্যয় হবে ৫৯ লাখ টাকা।
জানতে চাইলে মডার্ন বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ আলম প্রথম আলোকে বলেন, ‘তৈরির পরপরই সমস্যাটা আমাদের চোখে পড়ে। তখনই আমরা বলেছিলাম, গরমের দিনে এই ইনডোরে অনুশীলন করা সম্ভব হবে না। এ কারণে অনেকটা নৈতিক দায়বদ্ধতা এবং যেহেতু আমাদের প্রতিষ্ঠান নিয়মিত ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ করে, সে জন্য আমরা কাজটি করে দিতে রাজি হয়েছি।’
সম্প্রতি সরেজমিনে বিকেএসপিতে গিয়ে দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ইনডোর স্টেডিয়ামটি ব্যবহারের উপযোগী করার কাজ শুরু করেছে। স্টেডিয়ামের ছাদে ৪০টি বায়ুচালিত পাখা (টারবো ফ্যান) বসানোর কাজ চলছে। কর্মকর্তারা বলেন, স্থাপনাটির উত্তর ও দক্ষিণ অংশে বড় আকারের জানালা তৈরি করা হবে। পূর্ব ও পশ্চিম পাশে ছোট আকারের কিছু জানালা তৈরি করা হবে এবং ছাদে ১৫০টি ক্ষতিগ্রস্ত ফাইবারের তৈরি আবরণ সরিয়ে নতুন করে লাগানো হবে।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান বলেন, গরমের কারণে ২০১৫ সালের প্রশিক্ষণ বাধাগ্রস্ত হয়েছে। এবারও হচ্ছে। তাই মেরামতের কাজ দ্রুত শেষ করতে হবে। তিনি বলেন, নির্মাণের আগে ভালো পরামর্শক নিয়োগ দেওয়া হলে এই সমস্যা হতো না।