বিকেএসপির মাঠ-স্থাপনার নাম ক্রীড়া ব্যক্তিত্বের নামে করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সব খেলার মাঠ, গ্যালারি এবং অন্যান্য স্থাপনার নাম ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের নামে নামকরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই সুপারিশ করা হয়।

এ ছাড়া বৈঠকে ফেডারেশন ও ক্রীড়া সংস্থাগুলোর দক্ষতা এবং ক্রীড়াক্ষেত্রে সফলতা বিবেচনা করে আনুপাতিক হারে অর্থ অনুদান দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মো. মাহবুব আলী, এ এম নাইমুর রহমান, নাহিম রাজ্জাক, মো. কবিরুল হক ও মো. নুরুল ইসলাম তালুকদার বৈঠকে অংশ নেন।

এদিকে ‘বীজ বিল, ২০১৭’-তে কৃষকদের সুরক্ষার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে সুপারিশ দিতে একটি উপকমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সদস্য মো. আবদুর রাজ্জাককে উপকমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন মো. মামুনুর রশীদ ও মো. নুরুল ইসলাম। আগামী ২০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. আবদুর রাজ্জাক, মো. নজরুল ইসলাম, মো. মামুনুর রশীদ, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. নূরুল ইসলাম ও উম্মে কুলসুম বৈঠকে অংশ নেন।