বিকেলে আচরণবিধি ভঙ্গ, রাতেই নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম (মিনিট্রাকে নেতাদের সঙ্গে) গতকাল সড়কে মিছিল নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ছবিটি বিকেলে নগরের ৪০ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকা থেকে তোলা l জুয়েল শীল
চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম (মিনিট্রাকে নেতাদের সঙ্গে) গতকাল সড়কে মিছিল নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ছবিটি বিকেলে নগরের ৪০ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকা থেকে তোলা l জুয়েল শীল

মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রাসহ গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। নগরের উত্তর পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় নেতা-কর্মী ও শত শত সমর্থক নিয়ে প্রথম প্রকাশ্য প্রচারণা চালান চট্টগ্রামের সদ্য বিদায়ী এই মেয়র।
তবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর অভিযোগে গতরাত নয়টার দিকে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মনজুর আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
গতকাল বেলা সাড়ে তিনটায় মনজুর আলম বিমানবন্দর সড়কের লালদিয়ার চর এলাকায় পৌঁছান। এ সময় সেখানে আগে থেকে জড়ো হওয়া কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে থাকেন। মনজুর আলম তাঁর গাড়ি থেকে নেমে কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ একটি মিনি ট্রাকে ওঠেন। এরপর মিনি ট্রাকের সামনে শতাধিক কর্মী-সমর্থক ‘কমলালেবু’ প্রতীক নিয়ে স্লোগান দিতে থাকেন। তিনি ট্রাকের ওপর দাঁড়িয়ে হাত নেড়ে সড়কের দুই পাশের মানুষকে শুভেচ্ছা জানান। ট্রাকের হ্যান্ডমাইক থেকেও কমলালেবু প্রতীক ও মনজুর আলমের নামে স্লোগান দেন সমর্থকেরা।
মনজুর আলমকে বহনকারী মিনি ট্রাক ও শতাধিক কর্মী-সমর্থকের মিছিল বিমানবন্দর সড়ক ধরে ধীরে ধীরে এগোতে থাকে। এর পেছনে ছিল নেতাদের গাড়িবহর। মিছিলের কিছু দূর সামনে ছিল অন্তত ২০টি মোটরসাইকেলের শোভাযাত্রা। মোটরসাইকেলের শোভাযাত্রা থেকেও তাঁর পক্ষে স্লোগান দেওয়া হয়। মনজুর আলমের প্রচারণার খবর সংগ্রহে বিএনপি নেতাদের গাড়িবহরের সঙ্গে কয়েকটি টেলিভিশনের গাড়িও ছিল।
গাড়িবহরের কারণে এ সময় বিমানবন্দর সড়কের এক পাশে যান চলাচল কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়।
মেয়র প্রার্থীর মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রাসহ প্রচারণার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতরাত নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মোটরসাইকেল ও মিছিল নিয়ে প্রচারণা চালানোয় আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। এ জন্য প্রার্থীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে জানতে চেয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব কী আসে দেখি। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে মনজুর আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘কোনো মিছিল হয়নি। যেসব মোটরসাইকেল বা গাড়িবহর ছিল, সেগুলো ছিল মিডিয়ার। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়, এমন কোনো ঘটনা ঘটেনি।’
গতকালের নির্বাচনী প্রচারণার সময় মনজুর আলমের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু একটি মিনি ট্রাকে প্রচারণা চালাচ্ছিলাম। ওই সড়কে শত শত গাড়ি চলাচল করে। আমাদের সামনে-পেছনে যেসব গাড়ি ছিল, সেগুলো আমাদের বহরের নয়।’
প্রচারণা শুরুর আগে গতকাল নিজ এলাকা উত্তর কাট্টলির মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের পাশের মসজিদে জুমার নামাজের পর মা-বাবার কবর জিয়ারত করেন মনজুর আলম। পরে সাংবাদিকদের বলেন, তফসিল অনুযায়ী ৭ এপ্রিল থেকে প্রচারণার সুযোগ থাকলেও প্রতীকের অপেক্ষায় ছিলাম। কমলালেবু প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করা হয়েছে। এ সময় তিনি দাবি করেন, গত পাঁচ বছর মেয়র থাকাকালে তাঁর দেওয়া প্রতিশ্রুতির অনেকটাই পূরণ করেছেন।
প্রচারণা শুরুর আগে প্রতীক নিয়ে মনজুর আলমের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘কমলালেবু কখনো তিতা হয় না। কমলা মাঝেমধ্যে টক হয়। মিষ্টির জন্য টকও প্রয়োজন।’