প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বেশির ভাগ জেলায় বিকেলে আদালত বসে না, এ সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি আদালতের বিচারিক সময়ের বেশির ভাগের সদ্ব্যবহার নিশ্চিত করতে বার ও বেঞ্চের সহযোগিতা চান। মামলার তদন্ত কর্মকর্তা, বাদী, বিবাদী ও সাক্ষীরা যাতে আদালতে এসে সাক্ষ্য দিতে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন।প্রধান বিচারপতি গতকাল রোববার দুপুরে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, ‘বিচারব্যবস্থা গতিশীল করতে হবে। বার ও বেঞ্চের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে হবে। মাসদার হোসেন মামলার রায়ের পর বিচার বিভাগ পৃথক হয়েছে। সাংবিধানিকভাবে বিচারব্যবস্থা এখন স্বাধীন। তাই বিচার বিভাগের ওপর জনগণের প্রত্যাশা বেড়েছে। আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলার জট হয়ে আছে। এ জন্য বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ছে। বিচারপ্রার্থীরা আমাদেরই নিকটজন।’ তিনি অতি অল্প সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার জন্য বিচারকদের প্রতি অনুরোধ জানান।জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি সরদার আহমেদ নওশের আলী সভাপতিত্ব করেন। সভায় আপিল বিভাগের বিচারপতি মো. শামছুল হুদা, জেলা ও দায়রা জজ খন্দকার কামাল উজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মুরশিদ আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ, বিচারক ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে আটটায় প্রধান বিচারপতি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।