বিকেলে পুলিশকে রজনীগন্ধা, রাতে বিস্ফোরণ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল সোমবার সমাবেশ শেষে পুলিশকে রজনীগন্ধা ফুল দেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। রাতে হরতালের সমর্থনে তাঁরা নগরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার চট্টগ্রামসহ চার জেলায় মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মানবতাবিরোধী মামলার রায়ে কোনো ‘অবিচার’ করা হলে চট্টগ্রামসহ সারা দেশ ‘অচল’ করে দেওয়া হবে বলে এসব সমাবেশে হুমকি দেওয়া হয়।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: নগরের রেজিস্ট্রি মাঠে বেলা তিনটার দিকে সমাবেশ করে জামায়াত-শিবির। সমাবেশ শেষে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের হাতে তুলে দেওয়া হয় রজনীগন্ধা ফুল। পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার-চৌহাট্টা হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে সন্ধ্যায় নগরের নয়সড়ক থেকে বারুতখানামুখী একটি মিছিল বের হয়। মিছিলটি জেলরোড এলাকার বারুতখানা পৌঁছালে বাধা দেয় পুলিশ। এ সময় তিন থেকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত নগরের শাহি ঈদগাহ, কুমারপাড়া, পাঠানটুলা, সুবিদবাজার, মদিনা মার্কেট ও শিবগঞ্জ এলাকায় ১০ থেকে ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির প্রথম আলোকে জানান, বিকেলে মিছিল থেকে তাঁরা (জামায়াত-শিবির) পুলিশকে ফুল দিলেও সন্ধ্যার পর মিছিলে বাধা পেয়ে ককটেলের বিস্ফোরণ ঘটায়।চট্টগ্রাম: গতকাল বিকেলে নগরের জেলা পরিষদ মার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে জামায়াতের নেতারা দেশ ‘অচলের’ হুঁশিয়ারি দেন। জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেন, ‘জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করতে এবং হিন্দুস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতেই শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিচারকাজ শুরু করেছেন।’রাত সাড়ে আটটার দিকে নগরের চকবাজার তেলিপট্টির মোড় এবং রাহাত্তারপুল এলাকায় পটকা ফাটায় হরতাল সমর্থকেরা। এ সময় চকবাজারে হরতাল সমর্থকেরা ঝটিকা মিছিল করে। প্রায় কাছাকাছি সময়ে নগরের কাজীর দেউড়ি এলাকায়ও টায়ারে আগুন দেয় তারা। রাজশাহী: গতকাল বিকেলে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনের সড়ক অবরোধ করে সমাবেশ করে জামায়াতের মহানগর শাখা। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্ছারণ করে বলেন, কাদের মোল্লাকে সাজা দেওয়া হলে সারা দেশে আগুন জ্বলবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।বাউফল (পটুয়াখালী): বিকেলে বাউফল পৌরসভার বাংলাবাজার এলাকার দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ করা হয়। সমাবেশে শিবিরের কর্মীরা ‘শিবির-পুলিশ ভাই ভাই, ছাত্রলীগের রক্ষা নাই’ স্লোগান দিতে থাকেন। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘কোনো ঝামেলা ছাড়াই সমাবেশ শেষ হয়।’টঙ্গী (গাজীপুর): টঙ্গীর কলেজগেট এলাকায় সন্ধ্যা সাতটার দিকে জামায়াতের কর্মীরা একটি বাসে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া কর্মীরা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেন। এতে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।