বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা

পৃথক বেতনকাঠামো ও অষ্টম জাতীয় বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবেন। বেলা তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বৈঠক হবে।
বৈঠকে মন্ত্রীকে কী বলা হবে, তা নিয়ে এখন বৈঠক করছেন আন্দোলনে নেতৃত্ব দানকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। ফেডারেশনের একজন শীর্ষস্থানীয় নেতা প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রীর কাছে তাঁরা লিখিতভাবে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরবেন। পৃথক বেতনকাঠামোর জন্য শিরগিরই একটি কমিশন গঠন করতে দাবি জানাবেন। এই কমিশন গঠনে তাঁরা শিক্ষামন্ত্রীকে সময় বেঁধে দেবেন। ফেডারেশনের চলমান সভায় এটি ঠিক করা হচ্ছে।
পৃথক বেতনকাঠামো ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এর মধ্যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়ে গত ৭ সেপ্টেম্বর অষ্টম জাতীয় বেতন স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর শিক্ষকদের আন্দোলন আরও জোরদার হয়। এরই মধ্যে গত রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।