বিকেলের আগে অনেক বাসায় চুলা জ্বলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে চুলায় রান্না তুলে নাশতা তৈরির কাজ শুরু করেন চট্টগ্রাম নগরের হেমসেন লেনের গৃহবধূ জান্নাতুল লায়লা। রান্নাবান্নার অর্ধেক সময় পর দেখেন চুলা জ্বলছে না। এ অবস্থায় আরও কিছুক্ষণ অপেক্ষা করেন তিনি। ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তিনি রেস্তোরাঁ থেকে সকালের নাশতা কিনে আনেন। চট্টগ্রাম নগরের অন্যান্য এলাকায়ও খোঁজ নিয়ে একই সংকটের খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রান্নার চুলায় গ্যাস সরবরাহ প্রায় বন্ধ থাকায় রেস্তোরাঁগুলোতে ভিড় দেখা গেছে। চট্টগ্রাম নগরের কেন্দ্রস্থলে গতকাল সকালের দিকে কিছু কিছু চুলায় গ্যাস পাওয়া গেলেও বেলা বাড়ার পর সরবরাহ কমে আসে। আর শহরতলীতে সকাল থেকেই গ্যাসের তীব্র সংকট ছিল। গ্যাস-সংকটের কারণে গতকাল চট্টগ্রামের বেশির ভাগ বাসাবাড়িতে রান্নাবান্না হয়নি বলে জানা গেছে। গতকাল ভোর থেকে বেলা সোয়া তিনটা পর্যন্ত পরিস্থিতি ছিল এ রকম। তবে সোয়া তিনটার পর গ্যাসের সরবরাহ বাড়ছিল। এরপর অনেক বাসাবাড়িতে রান্নাবান্না হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) সূত্র জানায়, জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় গ্যাসের চাপ আরও কমে যায়। ফলে চট্টগ্রামের আবাসিক এলাকায় গ্যাসের সংকট দেখা দেয়। গতকালের হিসাব অনুযায়ী চট্টগ্রামে জাতীয় গ্রিড ও সাঙ্গু থেকে পাওয়া গ্যাসের পরিমাণ ছিল ২০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে অর্ধেক গ্যাসই চলে যায় কর্ণফুলী সার কারখানা (কাফকো) ও চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল)। বাকি গ্যাস চট্টগ্রামের দেড় হাজার শিল্প ও বাণিজ্যিক কারখানার পাশাপাশি তিন লাখ ৬৬ হাজার আবাসিক চুলার জন্য বরাদ্দ ছিল। এ কারণে চট্টগ্রামের আবাসিক এলাকায় গ্যাসের সরবরাহ ছিল না বললেই চলে। যদিও চট্টগ্রামে গ্যাসের ন্যূনতম চাহিদা সাড়ে ৪০০ মিলিয়ন ঘনফুটেরও বেশি। কেজিডিসিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, শীতের প্রকোপ বাড়তে থাকলে গ্যাসের সরবরাহ বাড়াতে হবে। তা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। চট্টগ্রামের শহরতলীতে দুই দিন ধরে গ্যাসের এ সংকট চলছে বলে জানা গেছে। নগরের বালুছড়া এলাকার বাসিন্দা কানিজ সুমাইয়া প্রথম আলোকে বলেন, ‘সোমবার থেকে বাসায় গ্যাস নেই। বাধ্য হয়ে বাড়ির ছাদে লাকড়ির চুলায় রান্না শুরু করেছি।’