বিকেলের পরীক্ষা সকালে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের দ্বিতীয় সাময়িকের বিকেলের পর্বের পরীক্ষা সকালে নেওয়া হয়েছে। এর ফলে যারা বিকেলে পরীক্ষা দিয়েছে, তাদের অনেকে আগেই প্রশ্নপত্র পেয়েছে বলে অভিযোগ উঠেছে।গত রোববার সরেজমিনে জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বেলা একটা থেকে তিনটা পর্যন্ত বিকেলের পর্বে ধর্ম বিষয়ে পরীক্ষা নেওয়ার কথা ছিল। অথচ বিভিন্ন বিদ্যালয়ে দুপুর ১২টার মধ্যেই পরীক্ষা শেষ করা হয়েছে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই উত্তর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায় বিদ্যালয় ফাঁকা। প্রধান শিক্ষক আকবর হোসেন মূল ফটকে তালা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তিনি জানান, বিকেলের পর্বে পরীক্ষা থাকলেও তাঁরা সকালে পরীক্ষা নিয়েছেন। বিষয়টি নিয়মবহির্ভূত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রোজার দিন ছাত্রছাত্রীরা বিকেলে পরীক্ষা দিতে চায় না। এ জন্য আমরা আজকে তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে ওদের ছুটি দিয়েছি।’ বেলা একটার দিকে ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনে তালা দেওয়া। শিক্ষকেরা সবাই বাড়ি চলে গেছেন। রাস্তায় কয়েকজন ছাত্রছাত্রী জানায়, সকালে পরীক্ষা নিয়ে আমাদের ছুটি দেওয়া হয়েছে। মুঠোফোনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আশরাফী বলেন, সব শিক্ষকের পরামর্শমতো বিকেলের পরীক্ষা একটু আগে নিয়ে ছুটি দেওয়া হয়েছে। একই অবস্থা ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, রায়গঞ্জ পৌরসভার ঝাপড়া রাজীবপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, যোগাযোগব্যবস্থা ভালো এবং অফিসাররা খোঁজখবর রাখেন, এমন বিদ্যালয় ছাড়া বেশির ভাগ বিদ্যালয়ই চলে শিক্ষকদের নিজেদের নিয়মে। সকালের পরীক্ষা বিকেলে নিলে সহজেই পরীক্ষার প্রশ্নপত্র অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে চলে যেতে পারে।রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, বিকেলের পরীক্ষা সকালে নেওয়ার কথা নয়। তার পরও কেউ যদি এমন করে থাকে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। গত ২৮ জুলাই থেকে উপজেলার ১৮৩টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।