বিকোচ্ছে পায়জামা মশারি মিসওয়াক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত কাজে গুলিস্তান এসেছিলেন সাভারের বাইপাইলের দরজি মনির হোসেন। বায়তুল মোকাররম মসজিদে গত বৃহস্পতিবার জোহরের নামাজ আদায় করে দক্ষিণ ফটক হয়ে ঢোকেন ইসলামি বইমেলায়। একটি কোরআন শরিফ আর নবীদের জীবনী গ্রন্থ কাসাসুল আম্বিয়া কিনেছেন।
মনির প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরেই বাংলায় উচ্চারণ ও অনুবাদসহ একটি কোরআন কেনার কথা ভাবছিলাম। আর আমার স্ত্রীর খুব আগ্রহ নবীদের জীবনী সম্পর্কে জানার। মেলায় এসে মনে হলো এখনই তো সময়। তাই কিনে নিলাম।’
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিবছর জাতীয় মসজিদের দক্ষিণ প্লাজায় রমজানের প্রথম দিন থেকে ইসলামি বইমেলার আয়োজন করে। রোজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকে। মেলায় ফাউন্ডেশন তাদের নিজস্ব বইয়ে ৩৫ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। অন্য অনেক প্রকাশনা প্রতিষ্ঠানও অর্ধেক ছাড়ে বই বিক্রি করছে।
ভালো অঙ্কের ছাড় থাকায় মনির হোসেনের মতো কেউ কেউ হঠাৎ করে, আবার অনেকে আছেন আগে থেকে পরিকল্পনা করেই মেলায় বই কিনতে আসেন। দক্ষিণ গোড়ানের বাসিন্দা আবদুল্লাহ কিনেছেন ইসলামি বিশ্বকোষের ১০ খণ্ড। তিনি বলেন, ‘ইসলামি বিশ্বকোষে ৫০ শতাংশ মূল্যছাড় দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। অন্য সময় এই ছাড় থাকে ২৫ শতাংশ। তাই সুযোগটা কাজে লাগালাম।’
মেলা ঘুরে জানা গেল, পাঠকেরা আগের মতো গড়পড়তা বই কিনছেন না। এখন নিখাদ তথ্য ও দালিলিক প্রমাণসমৃদ্ধ গবেষণামূলক গ্রন্থের চাহিদাই বেশি। একটা সময় মোকসুদুল মো’মিনিন’-এর খুব চাহিদা ছিল। এখন এটি বিক্রি হয় না বললেই চলে। কোরআনের অনুবাদ, তফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক গ্রন্থের চাহিদাও আছে।
বিক্রয়কর্মীরা জানান, রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে পবিত্র কোরআন শরিফের। এরপর হাদিস শরিফ, মহানবী (সা.)সহ নবীদের জীবনীগ্রন্থ, নামাজ শিক্ষা, দোয়া-দরুদের বই। অনেকে কিনছেন বাংলা অনুবাদসহ কোরআনের শেষ পারা আমপারা।
এক মেলায় নয় এমদাদিয়া: এমদাদিয়া লাইব্রেরি, এমদাদিয়া বুক হাউসসহ ‘এমদাদিয়া’র আগে-পিছে নানা নাম জুড়ে দিয়ে নয়টি স্টল আছে মেলায়। এক নামে এত স্টল দেখে ক্রেতারা বিভ্রান্তিতে পড়ছেন। এর কারণ সম্পর্কে বইমেলার আয়োজক ও বিক্রয়কর্মীরা জানান, পবিত্র কোরআন-হাদিসসহ ধর্মীয় গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে এমদাদিয়া লাইব্রেরির বিশেষ নির্ভরতা ও পাঠকপ্রিয়তা আছে। এ কারণে সবাই এমদাদিয়ার বইয়ের বিক্রেতা হতে চায়।
এমদাদিয়া বুক হাউসের প্রতিনিধি নুরুল আমিন প্রথম আলোকে বলেন, এমদাদিয়ার বই বেশি বিক্রি হয়। তাই অন্য নামে স্টল বরাদ্দ নিয়েও অনেকে এমদাদিয়ার ব্যানার টাঙিয়েছে। এটা অনুচিত। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের দৃষ্টি দেওয়া উচিত।
পায়জামা, মশারি: মেলায় ঢুকতেই রাস্তায় িমসওয়াকের হকার। ভেতরে আছে একাধিক পায়জামা ও মশারির দোকান। স্টলের মালিকেরা বলেন, অবৈধভাবে স্থানীয় হকারেরা মজমা বসিয়ে পায়জামা-পাঞ্জাবি, মশারি ও িমসওয়াক বিক্রি করছেন। এতে মেলার সৌন্দর্যহানি হলেও আয়োজক ইসলামিক ফাউন্ডেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। একজন স্টলমালিক অভিযোগ করেন, রাতে বইমেলার ভেতরে একাধিক বৈদ্যুতিক বাতি জ্বলে না। কিন্তু সেদিকে কর্তৃপক্ষের কোনো নজর নেই।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (বিক্রয়) হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘হকাররা মেলার পরিবেশ নষ্ট করে, এটা ঠিক। তবে সব সময় হকার বসে না।’ এ ছাড়া বইমেলার আগেই বসেছে আতর-টুপি ও জায়নামাজের দোকানের মেলা। এগুলোরও অনুমোদন নেই বলে জানা গেছে। নাম প্রকাশে অনচ্ছিুক একাধিক স্টলের মালিক বলেন, ছোট পরিসরের বইমেলার ভেতরে কোনো গাড়ি ঢোকার কথা না। কিন্তু হরহামেশা গাড়ি ও মোটরসাইকেল পার্ক করে রাখা হচ্ছে।