বিক্রমপুর বৌদ্ধবিহারের খননকাজ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞানতাপস অতীশ দীপঙ্করের জন্মভূমি মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের রঘুরামপুরে আবিষ্কৃত ‘বিক্রমপুরি বৌদ্ধবিহার’-এর খনন ও সংরক্ষণকাজ চতুর্থ দফায় অর্থাৎ চতুর্থ বছরে অব্যাহত রয়েছে। বিহারটির প্রাচীন কাঠামো ঠিক রেখে এর সংস্কারকাজ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত ঐতিহ্য অন্বেষণের গবেষকেরা।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ঐতিহ্য অন্বেষণের তিন সদস্যের একটি দল বিহারটির সংরক্ষণকাজে ব্যস্ত। তাদের সঙ্গে রয়েছেন ছয়জন রাজমিস্ত্রি ও ২২ জন জোগালি। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক সুফি মুস্তাফিজুর রহমানের সংরক্ষণকাজের তত্ত্বাবধান করছেন।
ঐতিহ্য অন্বেষণের গবেষকেরা জানান, বিহারের পুরোনো আদল ঠিক রেখে কাদামাটি ও চুন দিয়ে ইটের দেয়াল নির্মাণ করা হচ্ছে। এসব দেয়াল বর্তমানকালের দেয়াল থেকে অনেক প্রশস্ত। কোনোটা দুই মিটার, আবার কোনোটা সোয়া দুই মিটার প্রশস্ত। সিমেন্টের মতো জমাট বাঁধে না বলে কাদামাটি ও চুন দিয়ে নির্মিত দেয়ালটি প্রশস্ত করা হয়, যাতে তা ভেঙে না পড়ে। এভাবে চারদিকে দেয়াল নির্মাণ করে ভিক্ষুদের জন্য চারটি কক্ষও নির্মাণ করা হচ্ছে।
সুফি মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চতুর্থ বর্ষের মতো সংরক্ষণকাজ গত ১৭ ডিসেম্বর শুরু হয়। প্রথম দিকে খনন করতে গিয়ে আমরা যখন বিহারটির সন্ধান পাই, তখন এর অবস্থান মাটির অনেক নিচে ছিল। এখন মাটি ফেলে উঁচু করে বিহারের প্রচীন কাঠামো ঠিক রেখে মাটির ওপর অবিকলভাবে বিহারটি নির্মাণ করা হচ্ছে। কাজ সম্পন্ন হলে বৌদ্ধবিহারটিকে কুমিল্লার লালমাই পাহাড়ের বিহারের মতো দেখা যাবে। এখনো অনেক কাজ বাকি আছে বলে জানান তিনি।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে রঘুরামপুরে প্রত্নতত্ত্ব খননকাজ ২০১০ সালে শুরু হয়। খনন করতে গিয়ে ২০১২ সালে সন্ধান মেলে বিক্রমপুরি বৌদ্ধবিহারের। গত বছর এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।