বিক্রমপুরের প্রত্নতত্ত্ব নিদর্শন অনুসন্ধানে আবার খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বরে প্রাচীন বিক্রমপুরের প্রত্নতত্ত্ব নিদর্শনের অনুসন্ধানে খননকাজ আবার শুরু হয়েছে। এবার নিয়ে এখানকার খননকাজ চতুর্থ বর্ষে পা দিল। গত রোববার খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে গঠিত সংগঠন ঐতিহ্য অন্বেষণের সঙ্গে চীনের হুনান প্রদেশের প্রভেন্সিয়াল ইনস্টিটিউট অব আর্কেওলজি অ্যান্ড কালচারাল রেলিকস প্রতিষ্ঠানের গবেষক দল খননকাজে অংশ নেবে। ২০১০ সালে মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের রঘুরামপুরে খননকাজ শুরু হয়।
খননকাজ উদ্বোধনের আগে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব হুয়াং লে অংশ নেন। এ ছাড়া বক্তব্য দেন জেলা প্রশাসক সাইফুল হাসান, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি এবং ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান।