ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে এক বিক্রয়কর্মীকে (সেলসম্যান) অপহরণের অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় অপহূত বিক্রয়কর্মীকেও উদ্ধার করা হয়।
এ সময় ৬৮ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন বিশ্ব ধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করা আলমগীর হোসেন ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের নাজমুল করিম চৌধুরী। এরা দুজনেই ছাত্রলীগের কর্মী কিন্তু কোনো পদধারী নন। আলমগীর হোসেন ছাত্রত্ব শেষ হওয়ার পরও ছাত্রলীগের পরিচয় দিয়ে হলে থাকছেন।
তবে হলের সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম দাবি করেছেন, তাঁরা কেউ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।
উদ্ধার হওয়া অপহূত ব্যক্তির নাম মো. সোহেল। তিনি রাজধানীর নাজিমউদ্দিন রোডের বাসিন্দা। একটি মেনুফ্যাকচারিং কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।
উদ্ধার হওয়ার পর সোহেল প্রথম আলোকে জানান, তিনি মোটরসাইকেলে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে যাওয়ায় এস এম হলের প্রধান ফটকে আশ্রয় নিয়েছিলেন। এ সময় হলের সাত-আটজন শিক্ষার্থী এসে তাঁর পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর তাঁরা তাঁকে মারতে মারতে হলের ভেতরে নিয়ে যান। এ সময় তাঁর মোটরসাইকেলটি সরিয়ে ফেলা হয়। তাঁকে কক্ষে আটক করে চার লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে আটক হওয়া ছাত্রলীগের দুই কর্মীর দাবি, সোহেল সন্দেহজনকভাবে হলের সামনে ঘোরাঘুরি করছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারও মোবাইল নম্বর না থাকার কারণে তাঁকে কক্ষে নিয়ে আসা হয়।
অপহরণের খবর পেয়ে হলের প্রাধ্যক্ষ মাহবুবুল আলম জোয়ার্দার জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক সাব্বির আহমেদকে সঙ্গে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন। সেখানে অপহূত ব্যক্তিসহ অন্তত চারজন ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত দুজনকে পুলিশে দেওয়া হয়। বাকিরা কৌশলে বেরিয়ে যান বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, যারা অপহরণ করেছে, তাদের সবাইকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসএম হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, এ ঘটনায় দুটি কক্ষ সিলগালা করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় সোহেল বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।