বিক্রি করা সন্তানকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভাবের জন্য বিক্রি করা শিশুসন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা রেবী খাতুন। সন্তানকে বুকে জাপটে ধরে তিনি বলেন, ‘কী করুম ভাই, থাকনের জায়গা নাই। প্যাটে ভাত নাই। বড় কষ্টে মাইটারে দিছি।’ গত শুক্রবার রাতে বিক্রি হওয়া শিশুটিকে তার মা রেবীর কোলে ফিরিয়ে দেওয়ার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২২ আগস্ট মোরশেদা আক্তার নামের ২২ দিনের এক শিশুকে বিক্রি করেন মা রেবী। তাঁর বাড়ি রৌমারীর সদর ইউনিয়নের উত্তর বারবান্দা গ্রামে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর চেংটিমারী গ্রামের দেলোয়ার ও পানফুল খাতুন দম্পতি ৩৫ হাজার টাকার বিনিময়ে ওই শিশুকে কিনে নেন। ঘটনাটি প্রকাশ হলে প্রশাসনের মাধ্যমে শিশুটিকে গত শুক্রবার রাত নয়টায় ফেরত দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জেলা প্রশাসক (ডিসি) মো. শাহাবুদ্দিন খান, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকন্ত হাজং, রৌমারীর ইউএনও আবদুল্লাহ আল মামুন তালুকদার, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পানফুলের বাড়ি গিয়ে ওই শিশুকে ফেরত আনেন। পরে গ্রামবাসীদের উপস্থিতিতে মো. শাহাবুদ্দিন খান ওই শিশুকে মা রেবীর কোলে তুলে দেন।
রৌমারী সদর ইউনিয়নের উত্তর বারবান্দা গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে রেবী। একই গ্রামের নবিন মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে তিন বছর ধরে আশ্রয় নিয়ে তিনি বসবাস করছেন। রেবীর প্রথম বিয়ে হয়েছিল একই গ্রামের কলিম উদ্দিনের সঙ্গে। কলিম তাঁকে তালাক দেওয়ার পর মজিবর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। সে সংসারও টেকেনি। এরপর জামালপুরে পাথরের চর এলাকার গোলাম মোস্তফার সঙ্গে তাঁর বিয়ে হয়। গোলাম মোস্তফার আরও পাঁচ স্ত্রী রয়েছে। ফলে রেবীকে কোনো খরচ দিতেন না তিনি। বাধ্য হয়ে নবিনের জায়গায় তিনি আশ্রয় নেন। গোলাম মোস্তফার ঘরেই জন্ম নেয় মোরশেদা।
আশ্রয়দাতা নবিন বলেন, ‘সন্তান বিক্রির ২০ হাজার টাকা দিয়ে আমার জমিতেই ঘর তুলছে সে।’
সাজেদুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শাহাবুদ্দিন স্যার প্রকৃত মা রেবীর কোলে ফেরত দেন ওই শিশুকে। এ সময় ডিসি স্যার ৩৫ হাজার টাকা ফেরত দেন পানফুলের হাতে। তিনি ব্যক্তিগতভাবে ১০ হাজার, আমি ১০ হাজার টাকা শিশুর মাকে দিই। ডিসি স্যার প্রতি মাসে অভাবী দুঃখিনী পরিবারের জন্য খাবারের চাল দেওয়ার প্রতিশ্রুতি দেন।’