বিক্রি বাড়ছে দিনে দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>• গতকাল মেলায় নতুন বই এসেছে ১১৬ টি।
• পাঠকদের চাহিদা হয়েছে বৈচিত্র্যময়।
• বিষয়ভিত্তিক বইয়ের খোঁজ করছেন পাঠক।

সোমবার বইমেলা প্রাঙ্গণ ছিল একটু অন্য রকম। এদিন যেন আড়মোড়া ভেঙে জেগে উঠল বইমেলা। প্রকাশকেরা জানালেন, আগের কয়েক দিনের চেয়ে গতকাল বিক্রি অনেকটাই ভালো। আশা, দিনে দিনে জমে উঠবে বেচাকেনার পর্ব।
নতুন বই আসার বিচারেও গতকাল এগিয়ে ছিল আগের চার দিনের চেয়ে। বাংলা একাডেমির তথ্যানুযায়ী, গতকাল মেলায় নতুন বই এসেছে ১১৬টি। একটা সময় প্রকাশকেরা মূলত গল্প-উপন্যাসের দিকে মনোযোগ দিতেন। এখন পাঠকদের চাহিদা হয়েছে বৈচিত্র্যময়। বিষয়ভিত্তিক বইয়ের খোঁজ করছেন পাঠক। বিপ্লবীদের কথা প্রকাশনীর প্রকাশক শেখ রফিক বললেন, ‘উপন্যাসসহ নানা রকমের বই প্রকাশ করেছি এবার। কিন্তু আমার এখানে “বিপ্লবীদের কথা”ই বেশি খুঁজছে পাঠক। আজ এই প্রকাশনা থেকে আসছে আহমদ রফিকের ইলা-রমেন কথা: প্রাসঙ্গিক রাজনীতি বইটি। হায়াৎ মামুদের সোমেন চন্দ বইটি আগেই ছাড়া হয়েছে। চলছেও বেশ।’
প্রথমা প্রকাশনে বৈচিত্র্যের সন্ধান মিলল আরও। একাত্তরের চিঠি বইটি প্রতিদিনই খুঁজছেন পাঠক। সাজ্জাদ শরিফ সম্পাদিত প্রেরণার তারুণ্য: বাংলাদেশের আত্মত্যাগী নায়কেরা বইটি নতুন সংযোজন। নতুন বইয়ের পাশাপাশি পাঠক খুঁজছেন গত বছর প্রকাশিত আকবর আলি খানের অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি, মতিউর রহমানের ইতিহাসের সত্য-সন্ধানে: বিশিষ্টজনদের মুখোমুখি, মহিউদ্দিন আহমদের আওয়ামী লীগ উত্থানপর্ব, শাহাদুজ্জামানের একজন কমলালেবুসহ পুরোনো বইগুলো।প্রতিষ্ঠিত প্রকাশনার পাশাপাশি তুলনামূলক ছোট প্রকাশকেরাও গুরুত্বপূর্ণ বই বের করেছেন। মেলার শেষ প্রান্তে দ্যু নামের একটি প্রকাশনায় দেখা গেল শতবর্ষে রুশ বিপ্লবসহ বেশ কিছু নজরকাড়া বই। পুথি নিলয় বের করেছে জাকির তালুকদারের উপন্যাস ১৯৯২।
মেলায় আবুল কাসেম ফজলুল হকের প্রবন্ধ সাহিত্য চিন্তা এনেছে অ্যাডর্ন পাবলিকেশনস। সনৎকুমার সাহার প্রবন্ধএকটু আধটু পরান এনেছে কথাপ্রকাশ। অনুপম হায়াতের চলচ্চিত্রবিদ্যা এনেছে পলল। করুণাময় গোস্বামীর উপন্যাস লাহোরে রহিম খের এনেছে যুক্ত।