বিক্রি শুরুর আগেই লঞ্চের টিকিট শেষ!
ঢাকা-বরিশাল নৌপথের বড় দুটি জলযান হচ্ছে সুরভী ও সুন্দরবন লঞ্চ। ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চ দুটি ৮ আগস্ট থেকে টিকিট ছেড়েছে। কিন্তু সাধারণ যাত্রীরা প্রথম দিনেই লঞ্চ দুটির কাউন্টারে গিয়ে কোনো টিকিট পাননি। লঞ্চ কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, টিকিট বিক্রি শেষ। এই অবস্থায় সাধারণ যাত্রীরা বিস্মিত। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিক্রি শুরুর আগেই কীভাবে টিকিট শেষ হলো, সেটিই তাঁদের বড় জিজ্ঞাসা।শুধু টিকিট-সংকটই নয়, ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা বলেন, লঞ্চ কর্তৃপক্ষ জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে।বুধবার বেলা ১১টার দিকে বরিশাল নগরে সুরভী লঞ্চের কাউন্টারে গিয়ে দেখা যায়, টিকিট না পেয়ে যাত্রীরা হতাশ। তাঁরা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, বিক্রি শুরু হওয়ার আগেই কীভাবে টিকিট শেষ হলো! এ সময় বরিশাল নগরের ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, ‘শুধু আজ নয়, এক মাস ধরে যোগাযোগ করেও কেবিন পাইনি।’ জানতে চাইলে সুরভী লঞ্চের মালিক সদস্য রিয়াজুল কবির প্রথম আলোকে বলেন, ‘আমাদের অগ্রিম টিকিট মঙ্গলবার শেষ হয়ে গেছে।’ সুন্দরবন লঞ্চের অফিসপ্রধান জাকির হোসেন বলেন, ‘জুলাইয়ের শেষদিকে টিকিটের জন্য স্লিপ নিয়েছি। ওই স্লিপের সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয়নি। ঈদে আসা-যাওয়ার কোনো টিকিট আমাদের নেই।’ বরিশাল লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান বলেন, ‘আগে থেকে যাঁরা স্লিপ জমা দিয়েছেন, তাঁদের টিকিট দেওয়া হয়েছে। তাই টিকিট শেষ।’খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-বরিশাল নৌপথে বছরের অন্যান্য সময় লঞ্চে ভাড়া নেওয়া হতো তৃতীয় শ্রেণী ২০০ টাকা, কেবিন সিঙ্গেল ৬০০ ও ডাবল কেবিন এক হাজার ৬০০ টাকা। কিন্তু ঈদ ঘিরে সিঙ্গেল কেবিনের ভাড়া নেওয়া হচ্ছে ৯৫০ টাকা, ডাবল কেবিন এক হাজার ৯০০ থেকে দুই হাজার টাকা, সোফা ৬০০ টাকা ও তৃতীয় শ্রেণীর জন্য ২৪০ টাকা।এ ব্যাপারে রিয়াজুল কবির বলেন, ‘আমরা সরকার নির্ধারিত রেটের কমে সারা বছর যাত্রী পরিবহন করি। শুধু ঈদের সময় সরকারি রেটে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হয়।’ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান বলেন, ‘আমরা বিআইডব্লিউটিএ’র নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছি।’