বিক্রি হওয়া শিশুটি পুলিশের জিম্মায়
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হওয়া সেই শিশুকে গতকাল সোমবার দুপুরে উদ্ধার করেছে। তবে মা-বাবাকে খুঁজে না পাওয়ায় পুলিশ শিশুটিকে পুনরায় ওই দম্পতির জিম্মায় দিতে বাধ্য হয়েছে।পুলিশ জানায়, দুই দিন ধরে কয়েকটি পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (্ইউএনও) নির্দেশে শিশুটিকে গতকাল সোমবার উদ্ধার করা হয়। লালনপালনের জন্য নিয়ে যাওয়া দম্পতিকেও পুলিশ শিশুটির সঙ্গে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসে। শিশুটির জন্মদাতা মা-বাবা গত রোববার ভোরে বস্তির ঘরটি ছেড়ে চলে যান। শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, জন্মদাতা মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁদের পাওয়া যায়নি। দুগ্ধপোষ্য শিশুটির লালনপালনের দায়িত্বভার এবং শিশুটির ভবিষ্যৎ বিবেচনা করে তাকে ওই নিঃসন্তান দম্পতির জিম্মায় দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।গত শনিবার বিকেলে রোজিনা বেগম ও রিকশাচালক মামুন মিয়া তাঁদের ১২ দিন বয়সের পুত্রসন্তানকে সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন। গতকাল সোমবার ‘সাড়ে তিন হাজার টাকায় সন্তান বিক্রি’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।