জয়পুরহাট চিনিকলে চার বছরে উৎপাদিত প্রায় ৩৫ কোটি টাকার চিনি অবিক্রীত অবস্থায় গুদামে পড়ে রয়েছে। এই চিনি বিক্রি না হওয়ায় মিলের ১ হাজার ১০০ শ্রমিক-কর্মচারী আড়াই মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না।
চিনিকলের মিলহাউস ও বৈদ্যুতিক কারখানা শাখার শ্রমিক গোলাম মোস্তফা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর ছেলে বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি বেতন না পাওয়ায় ছেলেকে খরচ পাঠাতে পারেননি। তাই খাওয়াদাওয়ার সমস্যায় ছেলে বাধ্য হয়ে বাড়িতে চলে এসেছে।
চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম চিনি বিক্রির দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে এই চিনিকলে উৎপাদিত দেশের সর্বোৎকৃষ্ট মানের চিনিও বিক্রি হচ্ছে না। এতে মিলের শ্রমিক-কর্মচারীরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। চিনি বিক্রির জন্য সরকারি সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারীরা বিনা পারিশ্রমিকে চিনি প্যাকেটজাত করে দিলেও বাজারে তা বিক্রির আশানুরূপ সাড়া নেই।
চিনিকল সূত্র জানায়, গত চার বছরে মাড়াই মৌসুমের অবিক্রীত চিনি রয়ে গেছে ৯ হাজার ৪২১ দশমিক ৬০ মেট্রিক টন। ৩৭ টাকা কেজি মূল্য ধরলেও এগুলোর দাম প্রায় ৩৪ কোটি ৮৬ লাখ টাকা। গত চার মৌসুমের মধ্যে ২০১১-১২ মাড়াই মৌসুমে ১ হাজার ২২৪ দশমিক ৯০ মেট্রিক টন, ২০১২-১৩ মৌসুমে ১৫৯ দশমিক ১৫, ২০১৩-১৪ মৌসুমে ২ হাজার ১১৫ দশমিক ৬০ এবং ২০১৪-১৫ মৌসুমে ৫ হাজার ৯২১ দশমিক ৯৫ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে। এসব চিনি অবিক্রীত থেকে যাওয়ায় তিন মাস ধরে মিলের ১ হাজার ১০০ কর্মকর্তা-কর্মচারীর প্রায় ৩ কোটি টাকারও বেশি বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
চিনি বিক্রি না হওয়ার কারণ সম্পর্কে শহরের চিনিকল সড়কের মিষ্টি ব্যবসায়ী অশোক শর্মা বলেন, মিলের লাল চিনি দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টির রং ভালো হয় না। তখন ক্রেতারা ওই মিষ্টি কিনতে চান না। তাই তাঁরা বেসরকারি কোম্পানির সাদা চিনি দিয়েই মিষ্টি বানান।
জয়পুরহাট চিনিকলের ডিলার সালাম অ্যান্ড সন্সের মালিক আবদুস সালাম বলেন, এই মিলের ৫০ কেজি ওজনের এক বস্তা চিনির পাইকারি দাম ১ হাজার ৮৫০ টাকা। সেই হিসাবে প্রতি কেজি চিনির পাইকারি দাম ৩৭ টাকা। আর বেসরকারি ৫০ কেজি ওজনের এক বস্তা চিনির পাইকারি দাম ১ হাজার ৭৭০ টাকা। এতে কেজিপ্রতি পাইকারি দাম পড়ে ৩৫ টাকা ৪০ পয়সা। মিল থেকে সরবরাহ করা চিনি পরিবহন ও অন্যান্য খরচ বাদে বাজারে কেজিপ্রতি বিক্রি করতে হচ্ছে ৪০ টাকায়। আর সেখানে বেসরকারি চিনি ৩৬-৩৭ টাকা কেজিতে বিক্রি করা হয়। জয়পুরহাট মিলের চিনির গুণগত মান খুব ভালো হওয়ার পরও দামের কারণে সাধারণ ক্রেতাদের কাছে সাদা চিনিরই চাহিদা বেশি।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সিদ্ধান্তে জয়পুরহাট চিনিকলের অবিক্রীত চিনি কেজিপ্রতি ৪২ টাকা মূল্যের প্যাকেট করে বাজারে ছাড়া হয়েছে। এ পর্যন্ত ৫৮ মেট্রিক টন চিনি প্যাকেট করা হয়েছে। এর মধ্যে ১৬ দশমিক ৬০ মেট্রিক টন ঢাকায় পাঠানো হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে বাজারে ছাড়া হবে। চিনি বিক্রির জন্য বিভিন্নভাবে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। এসব চিনি বিক্রি করতে পারলেই চিনিকলের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে।