বিক্রি হলো মরা গাছ, ঠিকাদার কাটছেন জীবিত গাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কমলাপুর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) চত্বরের মরা ও ভেঙে পড়া ৩৭টি গাছ নিলামে বিক্রি করা হয়েছে। কিন্তু ঠিকাদার স্থানীয় এক যুবলীগের নেতা মরা গাছের সঙ্গে জীবিত মূল্যবান গাছও কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নিলাম-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমলাপুর পিটিআই চত্বরের আম, নারকেল ও শিশুসহ ৩৭টি মরা ও ঝড়ে ভেঙে পড়া গাছ গত ১৭ জুন নিলামে বিক্রি হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ৬৫ হাজার ৫০০ টাকায় গাছগুলো কিনেছেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য (জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি) আবদুর রশিদ। ২৩ জুন আবদুর রশিদ নিলামের মূল্য পরিশোধ করেন এবং কার্যাদেশ পেয়েছেন গত বৃহস্পতিবার। কিন্তু কার্যাদেশ পাওয়ার আগেই ২৫ জুন থেকে শ্রমিক নিয়োগ করে গাছ কাটতে শুরু করেন তিনি। স্থানীয় লোকদের অভিযোগ, গত কয়েক দিনে মরা গাছের পাশাপাশি একটি বড় সেগুন ও চারটি শিশুগাছ কাটা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। জানতে চাইলে আবদুর রশিদ গতকাল বলেন, ‘গাছ কাটার কার্যাদেশ এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। কে বা কারা গাছ কাটছে, আমি জানি না।’ তবে এলাকাবাসী ও গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকেরা জানিয়েছেন, তাঁরা যুবলীগের নেতা আবদুর রশিদের লোক।পিটিআইয়ের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদও নিলাম-বহির্ভূত গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘আমি অসুস্থ। এ ব্যাপারে পরে কথা বলব।’দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।