বিক্রি ৪০টি, দরপত্র জমা পড়েছে তিনটি
জয়পুরহাটের কালাইয়ে ক্ষমতাসীন দলের সমর্থকদের বাধার মুখে সাধারণ ঠিকাদারেরা সাড়ে ৫৩ লাখ টাকার কাজের দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। দুটি প্যাকেজের বিপরীতে ৪০টি দরপত্র বিক্রি হলেও গত মঙ্গলবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে মাত্র তিনটি জমা পড়েছে।ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সহকারী প্রকৌশলীর সামনেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সিডিউল দাখিলের সময় ঠিকাদারের প্রতিনিধির কাছ থেকে সিলগালা দরপত্রের খাম ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলে কালাই থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনকে ক্ষমতাসীন দলের সমর্থকেরা লাঞ্ছিত করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে ওই এসআই এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।জানা গেছে, উপজেলা প্রকৌশল কার্যালয় কর্তৃক প্যাকেজ-১-এর আওতায় বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ৫২ লাখ টাকা এবং প্যাকেজ-২-এর আওতায় নান্দাইল দীঘি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য দেড় লাখ টাকার কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। ৮ অক্টোবর ৪০টি দরপত্র বিক্রি হয়। ৯ অক্টোবর মঙ্গলবার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিরা দরপত্র দাখিল করতে গেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলমের সমর্থকেরা তাঁদের দরপত্র ফেলতে বাধা দেন। এ সময় উপজেলা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।মেসার্স মিঠু কনস্ট্রাকশনের পক্ষে মিনহাজ উদ্দিন সরদার বলেন, ‘আমি নোটিশ বোর্ড ও পত্রিকার বিজ্ঞাপন অনুযায়ী উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে সিডিউল কিনি। ৯ অক্টোবর সিডিউল দাখিল করতে গেলে ক্ষমতাসীন দলের লোকজন প্রকৌশলী দেলোয়ার হোসেনের সামনেই সিডিউল ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং ভয়-ভীতি প্রদর্শন করেন। এতে অধিকাংশ ঠিকাদার দরপত্র না ফেলে চলে যান।’ মেসার্স নাইম কনস্ট্রাকশনের পক্ষে আহসান হাবিব জানান, ক্ষমতাসীন দলের লোকজন তাঁকে সিডিউল ফেলতে বাধা দেওয়ায় তিনি ফিরে গেছেন।বাধা দেওয়ার কথা অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে এসে কিছু লোককে সরিয়ে দিতে চাইলে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।’উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন ঠিকাদারদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিধি মোতাবেক সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।’ ওই কাজের পুনরায় দরপত্র আহ্বান করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রকৌশলী জানান, তাঁরা যেভাবে দরপত্র জমা পেয়েছেন, সেভাবেই ঢাকা প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেবেন।