বিক্রির সময় ৫৭টি কচ্ছপ উদ্ধার তিনজনকে দণ্ড

পুরান ঢাকার তাঁতীবাজার থেকে গতকাল শুক্রবার বিভিন্ন প্রজাতির ৫৭টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপগুলো বিক্রির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে র্যা ব-১০-এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন।
এ সময় আটক তিনজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে প্রবীর চন্দ্র দাস (৪৭) ও পনির চন্দ্র দাসকে (৩৯) নয় মাস করে এবং কার্তিক চন্দ্র দাসকে (৩৪) তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তাঁতীবাজার সড়কে দীর্ঘদিন ধরে কচ্ছপের মাংস বিক্রি করছিল একটি চক্র। গতকাল ভোর ছয়টার দিকে সেখানে বিক্রির সময় ৫৭টি কচ্ছপসহ তিনজনকে হাতেনাতে ধরা হয়। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ধারা লঙ্ঘনের অপরাধে ওই তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধার করা কচ্ছপগুলোর মোট ওজন প্রায় চার মণ। পরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
কচ্ছপগুলো গাজীপুরের সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, তাঁতীবাজার এসব কচ্ছপের মাংস প্রতি কেজি ১০০০ টাকায় বিক্রি করা হয়।