মৌলভীবাজারের কমলগঞ্জের নন্দরানী চা-বাগানের মূল মালিক নির্মল চৌধুরী ১৯৭১ সালে শহীদ হন। তাঁর কোনো ছেলে না থাকায় বাগান চালাচ্ছিলেন স্ত্রী শুক্লা চৌধুরী। একপর্যায়ে তিনি বাগানটি বিক্রি করে দেন।বিক্রির দলিলে অন্যতম সাক্ষী ছিলেন শুক্লা চৌধুরীর মেয়ে শুভ্রতা চৌধুরী (ধর্মান্তরিত হয়ে বর্তমান নাম আনিকা আহমদ)। আনিকা নিজেকে চা-বাগানের উত্তরাধিকার সূত্রে মালিক দাবি করে সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহাদত রহিম চৌধুরীকে বাগানের আমমোক্তারনামা দেন। চা-শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শাহাদতের পক্ষে বাগানটি দখলে নিতে ১০ ফেব্রুয়ারি শতাধিক লোকজন নিয়ে নন্দরানী চা-বাগানে হামলা চালান কমলগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে নিহত হন দুজন। আহত হন অন্তত ২৫ জন।জেলা প্রশাসনের ‘টি সেলে’ সংরক্ষিত নন্দরানী চা-বাগানের মালিকানা সম্পর্কিত নথিপত্র ঘেঁটে জানা যায়, নির্মল চৌধুরীর মৃত্যুর পর হিন্দু আইনের দায়ভাগ মতের বিধান অনুযায়ী তাঁর স্ত্রী শুক্লা চৌধুরী নন্দরানী চা-বাগানের মালিক হন। তাঁদের বড় মেয়ে শুভ্রতা চৌধুরী (আনিকা) বর্তমানে ঢাকায় ও ছোট মেয়ে সুস্মিতা চৌধুরী কলকাতায় বসবাস করছেন।ঋণগ্রস্ত হওয়ায় শুক্লা চৌধুরী ১৯৯৯ সালের ১৮ মে এক কোটি ৪৫ লাখ টাকায় নন্দরানী চা-বাগান বিক্রি করে দেন। চা-বাগান নীতিমালা অনুযায়ী নিবন্ধনহীন দলিলের মাধ্যমে খরিদসূত্রে মালিক হন সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম চৌধুরী। এর পর থেকে চা-বাগান সাউথ এশিয়ান ইন্টারন্যাশনালের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।২০০৬ সালে আনিকা আহমদ চা-বাগানের মালিকানা দাবি করেন। এ নিয়ে জটিলতা দেখা দিলে গত ১৫ ডিসেম্বর টি সেলে লিখিতভাবে আইনি মতামত দেন মৌলভীবাজারের সরকারি কৌঁসুলি আজাদুর রহমান। ওই মতামতে বলা হয়েছে, শুক্লা চৌধুরী অবাতিলযোগ্য আমমোক্তারনামা সম্পাদন ও নিবন্ধনহীন দলিলের (নম্বর ২৪১৩) ‘পার্শ্ব সাক্ষী’ ছিলেন বর্তমান মালিক দাবিদার আনিকা। কিন্তু তিনি ১৯৮০ সালে ধর্মান্তরিত হন। হিন্দু দায়ভাগ আইনে কন্যাসন্তান উত্তরাধিকার হওয়ার বিধান নেই। মা শুক্লা চৌধুরী মারা যাওয়ার প্রায় ২৫ বছর আগে ধর্মান্তরিত হওয়ায় তাঁর উত্তরাধিকারী হওয়ার কোনো সুযোগ নেই আনিকার।’ আজাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমিনুল ইসলাম চৌধুরী নন্দরানী চা-বাগানের খরিদসূত্রে মালিক। তাঁর স্বত্ববানে চা-বাগান পরিচালিত হচ্ছে। আমিনুলের পক্ষই যথাযথ ও সঠিক।’সরকারি কৌঁসুলির আইনি মতামত প্রসঙ্গে টি সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘চা-বাগানের মালিকানা নিয়ে জটিলতা দেখা দিলে সাধারণত আমরা সরকারি কৌঁসুলির মতামত নিয়ে থাকি। এ মতামত গ্রহণ করতে পারি, নাও করতে পারি। প্রয়োজনে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত যেতে পারে। এরপর সিদ্ধান্ত হবে।’মালিকানার ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করলে আনিকা আহমদ বলেন, ‘এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি আমমোক্তারনামা দিয়েছি শাহাদত রহিম চৌধুরীকে। তাঁর কথাই এখন আমার কথা।’শাহাদতের সংবাদ বিজ্ঞপ্তি: শাহাদত রহিম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ‘বাগানের মূল মালিক প্রয়াত নির্মল কুমার চৌধুরী। তিনি স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হওয়ার পর স্ত্রী শুক্লা চৌধুরী ও দুই নাবালিকা মেয়ে তাঁর উত্তরাধিকারী। এক মেয়ে দেশত্যাগ করে ভারতে অবস্থান করলে নির্মল চৌধুরীর চা-বাগানসহ সব সম্পত্তির মালিক স্ত্রী শুক্লা চৌধুরী ও তাঁর মেয়ে শুভ্রতা চৌধুরী (আনিকা আহমদ)। শুভ্রতা চৌধুরী চাকরিসূত্রে ঢাকায় অবস্থান করায় ১৯৯৯ সালে নন্দরানী চা-বাগান দেখাশোনা করে পরিচালনার জন্য একটি রেজিস্টার্ড আমমোক্তারনামার মাধ্যমে মাত্র ছয় বছরের জন্য চা-বাগানের ১৮ জন পঞ্চায়েত জ্ঞাতসারে আমিনুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দিয়েছিলেন। এর পর থেকে আমিনুল এ চা-বাগানটি গ্রাস করার লক্ষ্যে কাজ করে যান।’সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অবশেষে তিনি (শুভ্রতা চৌধুরী) একটি আমমোক্তারনামার মাধ্যমে চা-বাগানসহ সব সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেন তাঁরই নিকটাত্মীয় শাহাদত রহিম চৌধুরীকে। শাহাদত নন্দরানী চা-বাগানের প্রকৃত মালিক হিসেবে ২০১১ সালের নভেম্বর মাসে চা-বাগানের জমির বন্দোবস্ত তাঁর নামে হওয়ার ব্যাপারে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আবেদন করেছেন।’সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খরিদসূত্রে ১৩ বছর চা-বাগান পরিচালনার পর হঠাৎ মালিকানা দাবি নিয়ে চা-বাগান দখলের চেষ্টা, সংঘর্ষসহ সার্বিক পরিস্থিতিতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এ পরিস্থিতির যত দ্রুত অবসান হবে, ততই মঙ্গল। নইলে এর নেতিবাচক প্রভাব চা-শিল্পাঞ্চলের ওপর পড়বে।’