বিক্রির সুফল নিচ্ছে কালোবাজারিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গন্তব্যে যাত্রার তারিখ এবং টিকিট বিক্রির তারিখের মধ্যে সময়ের ব্যবধান সাত দিন বাড়িয়ে দেওয়ায় কালোবাজারিদের কাছে বেশির ভাগ টিকিট চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুই থেকে আড়াই গুণ বেশি দামে সেই টিকিট আবার যাত্রীদের কাছে বিক্রি করছে কালোবাজারিরা।রেলওয়ে সূত্র জানায়, গন্তব্যে যাত্রার তারিখের তিন দিন আগে কাউন্টারে টিকিট বিক্রি হয়ে আসছিল। গত রমজানে হঠাৎ করে এই সিদ্ধান্ত পরিবর্তন করে ১০ দিন আগে টিকিট বিক্রির নির্দেশনা আসে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেয় কালোবাজারিরা। চট্টগ্রাম স্টেশনের কাউন্টারে যাত্রীবেশে কালোবাজারিরা টিকিট কিনে চড়া দামে বিক্রি করছে যাত্রীদের কাছে।জানতে চাইলে রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘আমার একক ইচ্ছায় এই সিদ্ধান্ত হয়নি। যাত্রার তিন দিন আগে টিকিট বিক্রির ব্যাপারে অনেকের আপত্তি ছিল। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যের কাছেও এই আপত্তি গেছে। পরে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে আমরা তিন দিনের পরিবর্তে ১০ দিন আগে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।’সৈয়দা মাজেদা নামের এক ভুক্তভোগী বলেন, ‘কালোবাজারিদের উৎসাহিত করতে যাত্রার তারিখ ও টিকিট বিক্রির তারিখের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে বলে আমার মনে হয়। আমি নিজেই চট্টগ্রাম ও ঢাকা স্টেশনে কালোবাজারিদের কাছ থেকে নিয়মিত টিকিট কিনে ট্রেন ভ্রমণ করে আসছি। কারণ, আমার মেয়ে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওর সঙ্গে দেখা করতে মাসে অন্তত দুবার ঢাকায় যেতে হয় আমাকে।’সৈয়দা মাজেদা আরও বলেন, ‘আমি তো প্রতিটি কালোবাজারির ফোন নম্বর ও নাম-ঠিকানা বলতে পারব। কিন্তু তাদের বিরুদ্ধে তো কখনো ব্যবস্থা নিতে দেখিনি।’রেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ঈদের আগে সিদ্ধান্ত পরিবর্তনের কারণে যাত্রার ১০ দিন আগে আমরা টিকিট বিক্রি করছি। এতে কালোবাজারিরা উৎসাহিত হচ্ছে।’খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম স্টেশনে পুরুষের পাশাপাশি নারীরাও টিকিটের জন্য লাইনে দাঁড়ান। তাঁদের বেশির ভাগ প্রকৃত যাত্রী কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ, একই চেহারার কয়েকজন নারী প্রতিদিন লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন।