বিক্রেতা বিএনপির ক্রেতা আ.লীগের নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একটি বিদ্যালয়ের শতবর্ষী গাছ কেটে বিক্রি করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গাছটি বিক্রি করেছেন। আর একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাছটি কিনেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের নাটাবাড়ী দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভবনের পাশে একটি বটবৃক্ষ ছিল। কয়েক দিন আগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান ওরফে মুকুল শতবর্ষী বটবৃক্ষটি বিক্রি করে দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম গাছটি কেটে নিয়ে গেছেন। তবে গাছটি বিক্রি সম্পর্কে আমরা কেউ অবগত নই।’ গতকাল সোমবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত গাছের ডালপালা কেটে নেওয়া হয়েছে, কাণ্ডটা দাঁড়িয়ে আছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি তফিজ উদ্দিন জানান, শত বছরের পুরোনো বট গাছটির আনুমানিক মূল্য হবে ৭০ হাজার টাকা। বিদ্যালয়ের সভাপতি মঈনুল হাসান তাঁর একক সিদ্ধান্তে গাছটি বিক্রি করেছেন। ক্রেতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বলেন, ‘আমি সাত হাজার টাকা দিয়ে গাছটা কিনেছি।’ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মঈনুল হাসানের ভাষ্যমতে, ‘আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ১২ হাজার টাকায় গাছটি বিক্রি করেছি। তবে এখনো টাকা হাতে পাইনি। টাকা পেলে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দেব।’ ইউএনও আব্দুল্লাহ হারুন জানান, তিনি বিষয়টি জানেন না। উপজেলা পরিষদের অনুমতিক্রমে বিজ্ঞপ্তির মাধ্যমে গাছ বিক্রি করতে হবে।