বিক্রেতাকে অপহরণ করে ১৪ লাখ টাকা ছিনতাই
জায়গা কিনতে না পেরে বিক্রেতাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুল মইন চৌধুরী সিলেট কোতোয়ালি থানায় দাখিল করা একটি এজাহারে এ অভিযোগ করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের দুই ভাইয়ের বিরুদ্ধে এ অভিযোগ থাকায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আনিসুর রহমান এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এজাহার মামলা হিসেবে নথিভুক্ত করার আগে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান। এজাহারে মিসবাহউদ্দিন সিরাজের ছোট ভাই সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল ইসলাম ও লন্ডনপ্রবাসী শফিক মিয়া ও তাঁদের সঙ্গী তারেক মিয়াসহ অজ্ঞাত ১৫-২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এজাহারে বলা হয়, নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা আবদুল মইন চৌধুরী বৃহস্পতিবার দুপুরে তাঁর ১৮ শতক জমি ‘সিলেট আইসিটি প্রাইভেট লিমিটেড’ নামের একটি আবাসন কোম্পানির কাছে বিক্রি করতে সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে যান। সেখানে দলিল সম্পাদনের পর তিনি জমি বিক্রি বাবদ পাওয়া ১৪ লাখ ১৬ হাজার টাকা নিয়ে বের হচ্ছিলেন। এ সময় শামসুল ইসলাম ও শফিক মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী একটি প্রাইভেট কার ও ৮-১০টি মোটরসাইকেল নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে প্রাইভেট কারে তুলে নিয়ে যান।আবদুল মইন চৌধুরী জানান, শামীমাবাদ এলাকায় সিরাজের বাসায় নিয়ে তাঁর কাছ থেকে জোরপূর্বক ১৪ লাখ ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে একটি ১০০ টাকা ও একটি ৫০ টাকার অলিখিত স্ট্যাম্পে টিপসই নিয়ে তাঁকে বাসা থেকে বের করে দেওয়া হয়।শামসুল ইসলাম মুঠোফোনে দাবি করেন, তিনি ঘটনার সময় কলেজে অবস্থান করছিলেন। তবে মইন চৌধুরীর কাছ থেকে জায়গা কেনা ও বায়না করা নিয়ে বিরোধ থাকার কথা তিনি স্বীকার করেন। শামসুল ইসলাম বলেন, তাঁর লন্ডনপ্রবাসী ভাই শফিক মিয়া প্রায় পাঁচ বছর আগে মইন চৌধুরীর জায়গা কিনতে বায়না করেছিলেন। এ জন্য তিনি দেড় লাখ টাকা নিয়েছেন। কিন্তু জমি দলিল করে দিতে কালক্ষেপণ করছিলেন। জমি অন্য জায়গায় বিক্রি হচ্ছে জেনে তাঁর ভাই মইন চৌধুরীর কাছে জানতে চাওয়ায় তাঁদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।