বিক্রেতাদের মন খারাপ

চানখাঁরপুল দিয়ে পুরান ঢাকায় ঢুকলে মনে হবে ওই এলাকার পুরোটাতেই বুঝি কোরবানির পশুর হাট বসে গেছে। চানখাঁরপুল পেছনে রেখে চকবাজার পেরোলেই আরমানিটোলা মাঠে বসা হাটের গন্ধ পাওয়া যাবে। ইজারার শর্তানুযায়ী হাটটি মাঠের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কথা থাকলেও এই হাটের শেষ কোথায় তা খুঁজে বের করা কঠিন। আরমানিটোলা মাঠ থেকে শুরু করে বুড়িগঙ্গা সেতুর নিচ থেকে রায়সাহেব বাজার মোড় ছাড়িয়ে গেছে এ হাট।
আনুষ্ঠানিকভাবে ঈদের তিন দিন আগে, অর্থাৎ গতকাল রাজধানীতে কোরবানির পশুর হাট বসার কথা। অথচ হাট বসে গেছে বৃহস্পতিবার থেকেই। পুরান ঢাকার কয়েকটি পশুর হাট ঘুরে বিক্রেতাদের কাছ থেকে জানা গেল, প্রথম দিকে বাজারে সমাগম কম থাকলেও গতকাল ক্রেতার আনাগোনা বেড়েছে। ক্রেতারা কোরবানির পশুর দাম নিয়ে খুশি হলেও মন খারাপ বিক্রেতাদের।
গতবারের মতো হঠাৎ পশুর দামে ধস নামার আশঙ্কায় তাড়াতাড়ি গরু বিক্রি করে ফেলতে চাইছেন বলে জানালেন সিরাজগঞ্জের গরুর ব্যাপারী মো. নিজাম উদ্দিন। তাঁর সঙ্গে কথা হয় আরমানিটোলা হাটে। নিজাম এবার কুষ্টিয়ার বড় আকৃতির আটটি গরু এনেছেন। তিনি জানান, মাস ছয়েক আগে গরুগুলো কিনে নিজের খামারে এগুলোকে লালন-পালন করেছেন। এত পরিশ্রমের পর এখন যে দাম পাচ্ছেন তাতে তাঁর আসল টাকাই আসবে না।
আরমানিটোলা হাটে মুন্সিগঞ্জের মীরকাদিমের কিছু গরু দেখা গেল। আকর্ষণীয় স্বাস্থ্যবহুল এসব গরুর দাম হাঁকা হচ্ছে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনাসহ দেশের বিভিন্ন স্থান থেকেও গরু এসেছে এখানে। পাবনার বেড়া উপজেলার কাজীরহাট গ্রামের গরু ব্যবসায়ী আলী হোসেন জানান, নিজের পোষা তিনটি গরুসহ আত্মীয়স্বজনের মিলিয়ে ১০টি গরু ও পাঁচটি ছাগল এনেছেন। পাবনায় যে গরু ৪০ হাজার টাকা দামে বিক্রি করতে পারতেন তার দাম এখানে উঠেছে ৩০ হাজার টাকা। তিনি বলেন, গরুর তুলনায় ছাগলের দাম ভালো পাওয়া যাচ্ছে।
ব্যাপারীরা বলছেন, দিনভর কাঙ্ক্ষিত বিক্রি পাননি তাঁরা। আশা করছেন রাতে বিক্রি বাড়বে। আরমানিটোলা হাটের হাসিল আদায়কারীদের একজন মনির হোসেন বলেন, সারা দিন নানা কাজের ব্যস্ততায় হাটে আসার সময় পান না বলে ক্রেতাদের অনেকে রাতে আসতে বেশি পছন্দ করেন। তা ছাড়া রাতে রাস্তায় যান চলাচল কম থাকায় গরু নিয়ে ফিরে যাওয়াটাও সহজ হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কয়েকটি হাট ঘুরে দেখা গেল, কোথাও হাট নির্ধারিত এলাকার মধ্যে আটকে নেই। ধোলাই খালের সাদেক হোসেন খোকা মাঠে চারপাশে দেয়াল থাকলেও হাটটিও দেয়ালের বাইরে আশপাশে ছড়িয়ে গেছে। ধোলাই খাল ট্রাকস্ট্যান্ড পুরোটাই ছিল হাটের দখলে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। ধুপখোলা মাঠের চিত্রও এক। গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন মাঠের হাটটি মধুমিতা হলের সামনে থেকে শুরু করে এটি গোপীবাগের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়েছে। গোপীবাগ তৃতীয় লেনের বাসিন্দা ফয়সল রিশাদ পাপ্পু বলেন, ‘বাসার গেটে চলে এসেছে গরু-ছাগলের হাট। আমার এ জীবনে এত গরু কখনো দেখিনি। গোবরের গন্ধে টেকা যাচ্ছে না। গ্যারেজ থেকে গাড়িও বের করা যাচ্ছে না।’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার গতকাল রাজধানীর গাবতলী ও কাকলী পশুর হাট পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান ও পুলিশের ঢাকা বিভাগীয় কমিশনার বেনজীর আহমেদও ছিলেন।