বিক্রেতার ইচ্ছায় সবজির দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ব্রহ্মময়ীবাজারে গতকাল শনিবার রমজান মাসের প্রথম দিনে প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে ১৫০ টাকায়। এর মাত্র ২০০ গজ দূরে নগরের প্রধান খুচরা বাজার লালবাজারে প্রতি কেজি টমেটোর দর ছিল ১৬০ টাকা। লালবাজারের পাঁচ কিলোমিটার দূরে শাহপরান গেট বাজারে টমেটোর দাম ছিল কেজিপ্রতি ১২৫ টাকা।সোবহানীঘাট সবজি আড়তের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, খুচরা ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে প্রতি কেজি টমেটো কিনেছেন ৯০ থেকে সর্বোচ্চ ১০০ টাকায়। কিন্তু অতিরিক্ত মুনাফার লোভে ক্রেতাদের কাছে ইচ্ছামতো দামে সবজি বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।সরেজমিনে গতকাল বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বালুচর সবজি বাজারে টমেটো বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৩০ টাকায়, পাঠানটোলা বাজারে ১৪০ টাকা, শিবগঞ্জ বাজারে ১৪৫ টাকা এবং উপশহর এলাকায় ১৮০ টাকা। ক্রেতারা বলছেন, দুই দিন আগেও বিভিন্ন হাটবাজারে একই টমেটো প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে।ব্রহ্মময়ীবাজার এলাকার সবজি ব্যবসায়ী কাইয়ূম মিয়া বলেন, ‘সবজি ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। এ কারণেই একেক হাটে একই টমেটোর দামের হেরফের হচ্ছে।’শুধু টমেটো নয়, সব ধরনের সবজিই আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সিলেটের বাজারে। এর মধ্যে শসা ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৫০ থেকে ৬৫ টাকা, গাজর ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, গত সপ্তাহে এসব সবজি অন্তত ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি হয়েছে।বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি আঁটি লালশাক ৩০ থেকে ৫০, পুঁইশাক ২০ থেকে ৪০, কলমিশাক ২০ থেকে ৩৫, হেলেঞ্চাশাক ১৫ থেকে ৪০, পালংশাক ২০ থেকে ৬০, কচুশাক ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।নগরের দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল মিয়া বলেন, ‘গতকাল (শুক্রবার) ব্রহ্মময়ীবাজার থেকে যে আঁটি কিনেছি ৩০ টাকায়, একই আঁটি এখন লালবাজার থেকে ৪০ টাকায় কিনলাম।’লালবাজার এলাকার শাক বিক্রেতা কোহিনুর মিয়া বলেন, ‘রমজান মাসে শাকের চাহিদা বেশি। এ সুযোগে পাইকারেরা আমাদের কাছে বেশি দামে বিক্রি করছেন। এ কারণেই শাকের দাম অন্য সবজির তুলনায় বেড়েছে।’জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে বলেন, ‘চারজন অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) পুরো রমজান মাসে ভেজাল প্রতিরোধ, খাদ্যের মান পরীক্ষাসহ বাজার তদারকের দায়িত্ব দেওয়া হয়েছে। সবজির দামের হেরফেরের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে।’