ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার মাইক্রোবাসের চাপায় এক তরুণ বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। সিলেটের ওসমানীনগরে গতকাল বাসের চাপায় সাব্বির নামের এক জেডিসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার ছাত্র ও স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখেন।
নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দিরাইয়ের তোতা মিয়ার ছেলে মো. হোসাইন (১৮) এবং ওসমানীনগরের তাজপুর ইউপির মোল্লাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে ও মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী সাব্বির আহমদ (১৪)।
প্রত্যক্ষদর্শী ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের পীরবাড়ির পুলিশ লাইন এলাকার সড়ক পারাপার হচ্ছিলেন হোসাইন। এ সময় বিশ্বরোড থেকে দ্রুতগতিতে আসা শহরের কাউতলীমুখী একটি মাইক্রোবাস হোসাইনকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে শহরের পৈরতলা এলাকায় ওই মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। হোসাইন শহরের পীরবাড়ি এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। তিনি আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের বিক্রয়কর্মী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে সাব্বির পরীক্ষা কেন্দ্র গোয়ালাবাজারের হজরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তাজপুর কদমতলায় যায়। কদমতলায় সিলেট-ঢাকা মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে সিলেট থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাব্বিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর মাদ্রাসার ছাত্ররা এবং এলাকাবাসী বাসটি ভাঙচুর করেন। এ ঘটনার বিচারের দাবিতে তারা সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধের কারণে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীসহ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, বাসটি জব্দ করে চালক ও মালিকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সাব্বিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।