বিক্রয়কেন্দ্র নেই তবুও তিনি বীজ ডিলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইদুজ্জামানের কোনো দোকান নেই৷ তবুও তাঁর প্রতিষ্ঠানের নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে প্রতি মৌসুমে বীজ বরাদ্দ হচ্ছে। কিন্তু স্থানীয় কৃষকেরা ওই ডিলারের দোকান খঁুজে পান না। দূরের বাজার থেকে কৃষকদের বীজ সংগ্রহ করতে হচ্ছে৷
গতকাল বৃহস্পতিবার কানুরামপুর পূর্ব ও পশ্চিম বাজার দুটিতে সরেজমিনে খোঁজ নিয়ে রাজু এন্টারপ্রাইজ নামে বিএডিসির বীজ ডিলারের কোনো দোকান খুঁজে পাওয়া যায়নি। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নামে বীজ ডিলারের কোনো দোকান ওই বাজারে কোনোকালেই ছিল না। পরে অনুসন্ধান চালিয়ে জানা যায়, রাজু এন্টারপ্রাইজের মালিক মো. সাইদুজ্জামান ময়মনসিংহের খাগডহর এলাকায় অবস্থিত বিএডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুর রাজ্জাকের ছেলে। ওই ডিলারের নামে প্রতি মৌসুমে বীজ বরাদ্দ দেওয়া হলেও তা কখনো কানুরামপুর বাজারে আসেনি। স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, ওই ডিলার বীজ উত্তোলন করেন ঠিকই, কিন্তু তা কালোবাজারে বিক্রি করে দেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএডিসির ময়মনসিংহের উপপরিচালক (বীজ) মো. হাশমত আলী মিয়া জানান, রাজু এন্টারপ্রাইজের নামে চলতি আমন মৌসুমে ২০১০ কেজি বীজ বরাদ্দ দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানটি বীজ উত্তোলনও করেছে৷ বিক্রয় কেন্দ্র না থাকার পরও প্রতিষ্ঠানটিকে কেন বীজ বরাদ্দ দেওয়া হলো জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, যদি এ ধরনের অনিয়ম পাওয়া যায় তাহলে ওই ডিলারের লাইসেন্স নবায়ন করা হবে না।
নান্দাইল পৌর শহরের চণ্ডীপাশা নতুনবাজার এলাকায় অবস্থিত বিএডিসির বীজ ভান্ডারে গিয়ে জানা গেছে, চলতি আমন মৌসুমে নান্দাইলের জন্য ১২২ মেট্রিক টন বীজ বরাদ্দ দিয়েছে বিএডিসি। ২৬ জন ডিলারের মাধ্যমে এই বীজ উপজেলার বিভিন্ন বিক্রয় কেন্দ্রে বিক্রি করা হবে। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুস সাত্তার বলেন, ‘বীজের লাইসেন্স দেওয়া বা বাতিল করার এখতিয়ার বিএডিসির। বিএডিসি আমাদের কাছে বরাদ্দকৃত বীজের “অ্যারাইভাল রিপোর্ট” প্রতিবেদন চাইলে তা আমরা পাঠিয়ে থাকি।’
রাজু এন্টারপ্রাইজের স্বত্বািধকারী মো. সাইদুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক হাজার কেজি বীজ তিনি কৃষকের কাছে বিক্রি করেছেন। দোকান নেই, তাহলে বীজ কোথায় রেখে বিক্রি করলেন জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি৷ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাইদুজ্জামান ময়মনসিংহ শহরের আিলয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। কানুরামপুর এলাকার স্থায়ী বাসিন্দা না হয়েও তিনি বীজ ডিলারের লাইসেন্স পান৷