বিক্রয়কেন্দ্র বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান মাস উপলক্ষে রংপুর নগরের কয়েকটি স্থানে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। রোজার প্রথম দিনে উপচে পড়া ভিড় দেখা যায় সেসব বিক্রয় কেন্দ্রে। ছবিটি নগরের কাচারিবাজারের টেলিফোন ভবনের সামনে থেকে গতকাল তোলা l প্রথম আলো
রমজান মাস উপলক্ষে রংপুর নগরের কয়েকটি স্থানে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। রোজার প্রথম দিনে উপচে পড়া ভিড় দেখা যায় সেসব বিক্রয় কেন্দ্রে। ছবিটি নগরের কাচারিবাজারের টেলিফোন ভবনের সামনে থেকে গতকাল তোলা l প্রথম আলো

রংপুরে টিসিবির পণ্য বিক্রির স্থান আরও বাড়ানোর দাবি উঠেছে। বর্তমানে সিটি করপোরেশনের মাত্র পাঁচটি স্থানে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে।
নগরের কয়েকজন বাসিন্দা বলছেন, মাত্র পাঁচ স্থানে টিসিবির পণ্য বিক্রি হওয়ায় অনেকেই ন্যায্যমূল্যে পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের প্রয়োজন থাকলেও এই সুবিধা নিতে পারছেন না। আবার ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় টিসিবির পণ্য দ্রুতই শেষ হয়ে যাচ্ছে।
বর্তমানে সিটি করপোরেশনের ২০৩ বর্গকিলোমিটার এলাকার মধ্যে সিও বাজার, কাচারি বাজার, সিটি করপোরেশনের সামনে, শাপলা চত্বর ও মাহীগঞ্জ—এই পাঁচটি স্থানে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।
মোট ৩৩ জন ডিলার পর্যায়ক্রমে এই পাঁচটি স্থানে পণ্য বিক্রি করছেন। তাঁরা প্রতি লিটার সয়াবিন ৮০ টাকা, চিনি কেজিপ্রতি ৪৮ টাকা, মসুর ডাল ৯০ টাকা ও ছোলা ৭০ টাকায় বিক্রি করছেন, যা বাজারের তুলনায় কম।
গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই পাঁচটি স্থান ঘুরে দেখা যায়, প্রতিটি স্থানেই মানুষের ভিড়। সারিবদ্ধভাবে তাঁরা টিসিবির পণ্য কিনছেন। দুপুর ১২টার মধ্যে সিও বাজারের পণ্য বিক্রি শেষ হয়ে যায়। বেলা একটার সময়ও কাচারি বাজারে ছিল মানুষের দীর্ঘ লাইন।
টিসিবি রংপুর কার্যালয়ের আঞ্চলিক কর্মকর্তা মিসকাতুল আলম বলেন, পণ্য বিক্রির কেন্দ্র বাড়ানোর দাবির বিষয়টি ঢাকার প্রধান কার্যালয়ে জানানো হবে।