বিক্ষিপ্ত ককটেলের বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৮৩ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর প্রবেশপথসহ বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে কোনো নেতাকে মাঠে দেখা যায়নি। তবে পুলিশ প্রহরায় মহাখালী থেকে যাত্রী নিয়ে দূরপাল্লার কয়েকটি বাস ছেড়ে যেতে দেখা গেছে। নগরের অধিকাংশ বিপণিবিতান খোলা ছিল।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে ১৮-দলীয় জোটের এটি পঞ্চম দফা অবরোধ কর্মসূচি।
সকাল সাতটার দিকে ছাত্রশিবিরের কর্মীরা যাত্রাবাড়ী থানার কুতুবখালী সড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে তাঁরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। সকাল পৌনে ১০টার দিকে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে পর পর ১৫টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সকাল সাড়ে ছয়টার দিকে কাজলা এলাকার ভাঙা প্রেস মোড়ে কয়েকজন যুবক একটি কাভার্ড ভ্যানের কাচ ভাঙচুর করে। একপর্যায়ে সেটিতে আগুন লাগানোর চেষ্টা করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।
পোস্তগোলা, জুরাইন ও দোলাইরপাড় এলাকার বিভিন্ন বাসস্টেশনে যাত্রী না পেয়ে সিএনজিচালিত অটোরিকশাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাঁদের একজন পোস্তগোলার আমির হোসেন। আমির বলেন, একের পর এক হরতাল ও অবরোধে কিছুদিন গাড়ির চাকা বন্ধ থাকায় তাঁর সংসারও প্রায় অচল হয়ে পড়ে। তাই শনিবার ভয়-ভীতির মধ্যেও তিনি অটোরিকশা নিয়ে বেরিয়েছেন। তবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে কোনো ভিড় দেখা যায়নি। ফাঁকা বাসগুলো দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে, টার্মিনালের ভেতর।
সকাল নয়টার দিকে পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিবিরের কর্মীরা মিছিল বের করে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান। সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের কর্মীরা মিছিল করার চেষ্টা করেছিলেন।
বেলা তিনটার দিকে স্বামীবাগ এলাকায় ককটেলের বিস্ফোরণে রুহুল আমিন (১৫) নামের এক কিশোর আহত হয়েছে। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে তার দুটি হাত ঝলসে গেছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে নেতা-কর্মীশূন্য ছিল। কার্যালয়ের প্রবেশপথে ঢোকার ফটকটি তালা লাগানো। কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে। ওই এলকায় প্রায় সব দোকানপাট বন্ধ ছিল। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকায় দু-একটি গণপরিবহন চললেও ব্যক্তিগত কোনো গাড়ি দেখা যায়নি। সকাল ১০টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী মিছিল হয়। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা দিয়ে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি টহল দিতে দেখা যায়।
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিসির দ্বিতল বাস, বড় বাস, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার জটলা দেখা যায়। দুপুর পৌনে ১২টার দিকে গাবতলী বাস টার্মিনালের কাছে দেখা যায় একই চিত্র। বিআরটিসির দ্বিতল বাস, যাত্রীসেবা ও শুভযাত্রা নামের কয়েকটি বাস সাভার, ধামরাই ও পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে। গাবতলী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি কিংবা আসেওনি। তবে মহাখালী বাস টার্মিনাল থেকে সামনে ও পেছনে পুলিশ পাহারায় ময়মনসিংহ ও টাঙ্গাইলের উদ্দেশে কয়েক ধাপে ১৬টি বাস ছেড়ে গেছে বলে পুলিশ ও টার্মিনালের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে যাত্রীসংখ্যা ছিল স্বাভাবিকের চেয়ে কম।
বিকেল সাড়ে চারটায় মহাখালীতে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মিজানুর রশীদ প্রথম আলোকে বলেন, সকাল নয়টা থেকে চার দফায় টাঙ্গাইল ও ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া গাড়িগুলো আবদুল্লাহপুর পর্যন্ত পৌঁছে দিয়েছে মহানগর পুলিশ। পরে সংশ্লিষ্ট জেলা গাড়িগুলোর নিরাপত্তা দেবে।
হরতাল-অবরোধ থাকলেও শুক্রবার থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করবে বলে ঘোষণা দিয়েছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ জন্য সরকার নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নেবে বলেও তিনি জানান। গত বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে নৌপরিবহনমন্ত্রী ওই ঘোষণা দেন।
(প্রতিবেদন তৈরির জন্য প্রথম আলোর একাধিক প্রতিবেদক তথ্য সংগ্রহ করেছেন)