সমমনা ইসলামি ও ১২ দলের ডাকা গতকাল রোববারের হরতালের সময় সিলেট নগরে বিক্ষিপ্তভাবে পিকেটিং করেছে হরতাল-সমর্থকেরা। গতকাল নগরে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।পুলিশ সূত্র জানায়, হরতাল-সমর্থকেরা গতকাল দুপুরে নগরের দক্ষিণ সুরমা, চৌকিদেখি, শাহজালাল উপশহর ও তালতলা এলাকায় চোরাগোপ্তা হামলা চালিয়ে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। হরতালের সময় আটজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।সূত্র জানায়, সকালে নগরের শাহী ঈদগাহ ও কাজিরবাজার জামেয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে বিমানবন্দর-সার্কিট হাউস ভিআইপি সড়কের তেলিহাওর এলাকায় টায়ারে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ছেড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরের মিরবক্সটুলা ও মদিনা মার্কেট-পাঠানটুলা এলাকায় হরতাল আহ্বানকারীদের ব্যানারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা চালান। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসতে দেখে তাঁরা পালিয়ে যান। সকালে কিছুটা কম হলেও দুপুরের পর থেকে নগরে বিভিন্ন ধরনের যানবাহন চলতে দেখা যায়। সকাল থেকে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। বিকেল পাঁচটার পর থেকে দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহন চলতে শুরু করে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও অফিস-আদালত ছিল খোলা। তবে উপস্থিতি কম ছিল।পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল নগরজুড়ে কঠোর নিরপত্তা ব্যবস্থা গ্রহণ করে।সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বলেন, কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।