বিক্ষিপ্ত বোমাবাজি ভাঙচুরে ঢিলেঢালা অবরোধ
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঢিলেঢালাভাবে চলছে। অবরোধের দ্বিতীয় দিন কোথাও বড় ধরনের সহিংসতা বা নাশকতার খবর পাওয়া যায়নি। রাজবাড়ীতে শাটল ট্রেনে ও রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। নরসিংদীতে উদ্ধার করা হয়েছে ১০টি হাতবোমা। সিলেটের জৈন্তাপুরে একটি ট্রাকে পেট্রলবোমা হামলা ও মৌলভীবাজারে পাঁচটি যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে।
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে গত সোমবার রাতে অনির্দিষ্ট-কালের অবরোধ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। এর আগে গত ২৬ নভেম্বর থেকে পাঁচ দফায় মোট ২২ দিনের অবরোধ পালন করে বিরোধী জোট।
২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক সহিংসতায় ১২০ জন নিহত হন।
ট্রাকে পেট্রলবোমা হামলা: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিধরপুর এলাকায় গত বুধবার গভীর রাতে চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালকের সহকারী ইউনুস আলী (৩০) আহত হন। তাঁর দুই পায়ের নিচের অংশ দগ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করেছে। এ ঘটনায় জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল খালিককে আটক করা হয়েছে। দগ্ধ ইউনুসকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাটল ট্রেনে বোমা হামলা: পোড়াদহ থেকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটের উদ্দেশে ছেড়ে আসা শাটল ট্রেন বুধবার রাত সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় পৌঁছালে ট্রেনটিতে বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে চার যাত্রী আহত হন। তবে রাজবাড়ী জিআরপি থানার ওসি আবদুল গফুর আলী মিয়া বলেন, যাত্রীদের আহত হওয়ার কথা তাঁদের জানা নেই। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শাটল ট্রেনের পরিচালক (গার্ড) গোলাম হেদায়েত থানায় মামলা করেন।
পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা: রাজশাহী নগরের রাজপাড়া থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে নগরের সিটি বাইপাসের দাসপুকুর এলাকায় শিবিরের কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ রাবার বুলেট ছুড়ে শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
হাতবোমা ও ককটেল উদ্ধার: নরসিংদীতে ১০টি হাতবোমা, পাঁচটি ককটেলসহ অনিক মিয়া (১৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব। শহরের বাসাইল এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে অনিকের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অনিক বাসাইল এলাকার মাহবুব মিয়ার ছেলে।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কামান্ডার আবু সাঈদ জানান, ধারণা করা হচ্ছে, অবরোধ ও সংসদ নির্বাচনে নাশকতার জন্য অনিক এসব বোমা এনে রেখেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
যানবাহনে ভাঙচুর: চট্টগ্রামের বিআরটিসি মোড় এলাকায় গতকাল সন্ধ্যায় একটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের করালিয়া এলাকায় একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মৌলভীবাজারের বড়লেখায় দুটি ট্রাক ও তিনটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছেন অবরোধকারীরা। বুধবার রাতে মৌলভীবাজার-বড়লেখা সড়কের বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]