বিক্ষিপ্ত ভাঙচুর-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় কিশোরগঞ্জের বাজিতপুরের হালিমপুর স্টেশনের কাছে গত মঙ্গলবার গভীর রাতে  নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে টাঙ্গাইল যাচ্ছিল ট্রেনটি। গতকাল সকালে তোলা ছবি । ফোকাস বাংলা
রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় কিশোরগঞ্জের বাজিতপুরের হালিমপুর স্টেশনের কাছে গত মঙ্গলবার গভীর রাতে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে টাঙ্গাইল যাচ্ছিল ট্রেনটি। গতকাল সকালে তোলা ছবি । ফোকাস বাংলা

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে গত ২৪ ঘণ্টায় নয় জেলায় বিক্ষিপ্ত ভাঙচুর, আগুন ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যে কিশোরগঞ্জের বাজিতপুরে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতা চালায় দুর্বৃত্তরা।
গতকাল বুধবার সন্ধ্যায় ছয়টায় হরতাল শেষ হলেও লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত আছে।
হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় আহত আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ২৫ নভেম্বর থেকে ছয় দফার হরতাল-অবরোধে নিহতের সংখ্যা দাঁড়াল ১২৮ জনে। রাজধানীতে গতকাল জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। রাজপথে যানবাহনের উপস্থিতি ছিল প্রচুর।
সিরাজগঞ্জের হোড়গাতীতে গত মঙ্গলবার রাতে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে মারা যান সবজি ব্যবসায়ী মিলন রহমান প্রামাণিক ও এমরান আলী প্রামাণিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ফল ব্যবসায়ী ফরিদ মিয়া ও ইনস্যুরেন্স কর্মকর্তা শাহীনা আক্তারের। গত শুক্রবার রাজধানীর পরীবাগে একটি বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন তাঁরা।
গতকাল চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান মো. রাশেদুল আলম (২৬)। তিনি নির্বাচনের আগের দিন চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ির বাড়িতে ফেরার পথে হরতাল-সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন।
সংঘর্ষ: ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী স্টেশন এলাকায় গতকাল দুপুরে চারটি ইজিবাইক ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। এ সময় পুলিশ ধাওয়া করলে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এতে রহিমা বেগম (৪৫) নামের এক পথচারী গুলিবিদ্ধ হন। আহত হন আরও চার হরতাল-সমর্থক। রহিমা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে তাঁদের ওপর হামলা ও গুলি চালায়। কিন্তু ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা জানান, পুলিশ বাধ্য হয়ে গুলি ছোড়ে।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ফটকের সামনে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণে কলেজের প্রথম বর্ষের ছাত্র মামুনুর রশিদ গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটক করে শিবিরের দুই কর্মীকে।
ট্রেনে নাশকতা: কিশোরগঞ্জের বাজিতপুরে মঙ্গলবার রাতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা। ভৈরব-ময়মনসিংহ রেলপথের বাজিতপুরের হালিমপুর স্টেশনের অদূরে বগামারা সেতুর কাছে এ নাশকতা চালানো হয়। এতে চট্টগ্রাম থেকে টাঙ্গাইলের যমুনা সেতুগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। আহত হন আমিনুল ইসলাম (২৪) নামের এক যুবক। দুর্ঘটনার কারণে ভৈরব-ময়মনসিংহ রেলপথে ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

অবরোধ-হরতালের সমর্থনে গতকাল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল থেকে বাসে আগুন দেওয়া হয়। ছবি: প্রথম আলো
অবরোধ-হরতালের সমর্থনে গতকাল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল থেকে বাসে আগুন দেওয়া হয়। ছবি: প্রথম আলো

বাজিতপুরের সরারচর স্টেশন মাস্টার কার্যালয় সূত্র জানায়, দুর্ঘটনার কারণে কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস (প্রভাতী) ও ভৈরবগামী একটি লোকাল ট্রেন। এতে শত শত যাত্রী দুর্ভোগের শিকার হন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে বেলা আড়াইটার দিকে উদ্ধার কাজ শেষ করে।
সরারচর স্টেশন মাস্টার চন্দন কুমার সাহা বলেন, লাইনের নিরাপত্তায় রাতে পাহারার ব্যবস্থা রয়েছে। কিন্তু কয়েকজন কর্মী দিয়ে বিশাল এলাকার লাইনের ওপর নজর রাখা সম্ভব হচ্ছে না।
যানবাহনে ভাঙচুর, আগুন: পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর মুন্নার মোড়ে মঙ্গলবার রাতে এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান পুড়িয়ে দেন হরতাল-সমর্থকেরা। এ সময় ১০টি ট্রাকসহ ৫০টির মতো যানবাহনও ভাঙচুর করা হয়।
সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুরে গতকাল সকালে একটি ট্রাক ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার গোদাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটি ট্রাকে আগুন দেওয়া হয়।
ভোলা সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ডে একটি অটোরিকশা ও খেয়াঘাট সড়কে একটি রিকশায় আগুন দেয় পিকেটাররা। অন্যান্য স্থানে ভাঙচুর করা হয় পাঁচটি অটোরিকশা। পিকেটিংকালে পুলিশ বিএনপির তিন কর্মীকে আটক করেছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার চারিপাড়া গ্রামে পার্ক করা একটি ট্রাকে মঙ্গলবার সন্ধ্যায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ছাত্রদলের নেতা-কর্মীরা আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজশাহী সিটি বাইপাসের টুলটুলিপাড়া এলাকায় গতকাল রাত পৌনে ১০টার দিকে টমেটোভর্তি একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশের ওপর হামলা: সম্প্রতি হরতাল-অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা চালানো হয়। এসবের সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার আন্দারমানিক গ্রামের আবদুল বারেককে ধরতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় আবদুল বারেক তাঁর লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আবদুল বারেক কৌশলে পালিয়ে গেলেও তাঁর তিন সহযোগীকে আটক করতে সক্ষম হন পুলিশ সদস্যরা।
এ ছাড়া গতকাল রাতে বগুড়া শহরে দুই দফায় পুলিশের ওপর ককটেল হামলা চালানো হয়েছে।
আহত একজনের মৃত্যু: চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন মো. রাশেদুল আলম (২৬)। জেলার ফটিকছড়ি উপজেলা সদরে তাঁর বাড়ি। রাশেদুলের বাবা শামসুল আলম জানান, এক দিনের ছুটি নিয়ে নির্বাচনের আগের দিন শনিবার চট্টগ্রাম শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন রাশেদুল।
পথে রাত আটটায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারীর চারিয়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় গাড়িটির ওপর হামলা চালান হরতাল-সমর্থকেরা। এ সময় রাশেদুল মাথায় গুরুতর আঘাত পান। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর সর্বশেষ তাঁকে নগরের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। বাবা-মা আর তিন বোনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন রাশেদুল।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানান, রাশেদুলের মৃত্যুর ব্যাপারে কেউ অভিযোগ করেনি। এ ব্যাপারে রাশেদুলের বাবা শামসুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অভিযোগ দিয়ে কী হবে? আমার ছেলে তো আর ফিরে আসবে না। সরকার বা বিরোধীদলীয় নেতা কি আমার মানিকরে ফিরিয়ে দিতে পারবে?’
এদিকে নাশকতাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]