বিক্ষিপ্ত সংঘর্ষ অগ্নিসংযোগ
১৮ দলীয় জোটের অবরোধের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সিলেটের বিয়ানীবাজারে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষে ওসিসহ পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের ৩০-৪০ জন কর্মী আহত হন বলে দলটি দাবি করেছে।
এ ছাড়া জামায়াত ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা ছয়টি ব্যাংক ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি ভাঙচুর চালিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, জামালপুরের সরিষাবাড়ী ও নেত্রকোনার পূর্বধলায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
বিয়ানীবাজার (সিলেট): পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির নেতা-কর্মীরা পৌরশহরের নিউমার্কেট ও কলেজ রোড মোড়ে সকাল থেকে অবস্থান নেন। বেলা সাড়ে নয়টায় জামায়াত-শিবির মিছিল নিয়ে বিএনপির সঙ্গে যোগ দিতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় জামায়াতের কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। জামায়াতের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৩০টি রাবার বুলেট ও কাঁদানো গ্যাসের শেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ পিছু হটে। জামায়াতের কর্মীরা পুলিশকে ধাওয়া করে থানার নিচ পর্যন্ত নিয়ে যান। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংকের স্থানীয় শাখায় হামলা ও ভাঙচুর চালান।
শিবির কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব, যুবলীগ নেতা সাগর দাস ও পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবাদ আহমদেরটিসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন। তাঁরা ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করেন। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পৌরশহরে প্রতিবাদ মিছিল বের করে। মিছিল থেকে সংগঠনের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ইসলামী ব্যাংক, জামায়াত পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠান রাকাম ও তামামের ফটক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
জামায়াত-শিবিরের ইট ও ককটেলের আঘাতে বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, ফজলুল হক, সিকান্দরসহ কয়েকজন পুলিশসদস্য আহত হয়েছেন। পুলিশের গুলিতে ছাত্রশিবির বিয়ানীবাজার উত্তর শাখার সভাপতি ফরিদ আহমদ ও জাকারিয়া হোসেনসহ ৩০-৪০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার হাসান আহমদ বেলা দেড়টার দিকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল ভোর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড, কুট্টাপাড়া মোড় ও উপজেলা সদরে অবস্থান নেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা। সকাল ১০টার দিকে কুট্টাপাড়া মোড়ে পুলিশের সামনে একাধিক অটোরিকশা ভাঙচুর করেন অবরোধকারীরা। অটোরিকশা থেকে চাঁদাবাজিও করা হয়। পত্রিকাবাহী দুটি গাড়ি থেকে বেশ কিছু পত্রিকা লুট করা হয়। দুপুর ১২টার দিকে বিশ্বরোড মোড়ে ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। সরাইল-নাসিরনগর সড়কের স্থানীয় হাসপাতাল মোড়ে গাছের গুঁড়ি ফেলে সড়কে অবরোধ করেন অবরোধকারীরা।
পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনা-পূর্বধলা সড়কের নারায়ণডহর বাজারের কাছে অবরোধকারীরা গতকাল ভোরে সরকারি গাছ কেটে সড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরালে যান চলাচল স্বাভাবিক হয়। পূর্বধলা থানার ওসি বসির আহমদ বলেন, ঘটনাস্থল থেকে গাছ জব্দ করা হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর): গতকাল দুপুরে পৌরসভার বাউসী সেতু এলাকায় দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল এবং মহাদানের খাগুড়িয়া কালীবাড়ি এলাকায় একটি মোটরসাইকেল ভাঙচুর করেন বিএনপির সমর্থকেরা। সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুড়ী (মৌলভীবাজার): পুলিশ সূত্রে জানা গেছে, অবরোধ চলাকালে গত বুধবার ভূঁয়াই বাজারে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গাড়ির মালিক বাদশা মিয়া বাদী হয়ে বুধবার রাত ১১টার দিকে বিএনপির উপজেলা কমিটির সদস্য আইনুল হক, যুবদলের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, শিবিরের উপজেলা পূর্ব কমিটির সভাপতি সাইফুল ইসলামসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে থানায় মামলাটি করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ অস্বীকার করে আইনুল হক ও মামুনুর রশীদ জানান, তাঁরা ঘটনার সময় উপজেলা সদরে ছিলেন।