বিক্ষিপ্ত সংঘর্ষ, তিন জেলায় গুলিতে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চার জেলায় ১৮ দলের নেতা-কর্মীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের সংঘর্ষ চলাকালে চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাদের মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুজন, চাঁদপুরে একজন ও নীলফামারীতে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন যুবদল ও একজন শিবিরের কর্মী বলে বিএনপি ও জামায়াত দাবি করেছে। আজ শুক্রবার বিকেল ও সন্ধ্যায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ছাড়া পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফরিদপুর, নোয়াখালীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব জেলায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গেও ১৮ দলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব কমপক্ষে ২২জন আহত হয়েছেন।

চকরিয়া:
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, চকরিয়া পৌর বাস টারমিনালে বিকেল চারটার দিকে ১৪৪ ধারা ভেঙে ১৮ দলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন। তারা হলেন, সাইফুল ইসলাম, মিজানুর রহমান। চকরিয়া পৌরসভার মেয়র ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম হায়দার প্রথম আলো ডটকমকে জানান, নিহতদের মধ্যে সাইফুল ইসলাম বিজিবির গুলিতে ও মিজানুর রহমান আওয়ামী লীগ কর্মীদের গুলিতে মারা যায়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত বড়ুয়া মিত্র প্রথম আলো ডটকমকে বলেন, দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে যুবদলের ওই দুই কর্মী মারা গেছেন।
চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ারা বেগম প্রথম আলো ডটকমকে বলেন, তিনি গোলাগুলিতে দুজনের মারা যাওয়ার খবর পেয়েছেন। তবে নিহতেরা কারা ও কার গুলিতে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে বিজিবির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

চাঁদপুর:
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে আজ শুক্রবার বিকেলে সমাবেশ শেষে মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাজারের অন্যপ্রান্তে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দেন। এক ঘণ্টা ধরে ওই সংঘর্ষ চলে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরিফ হোসেন (২৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি যুবদলকর্মী বলে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মমিনুল হক জানান। তিনি আরও জানান, মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ অতর্কিত হামলা চালায়। চাঁদপুর ও ঢাকায় গুলিবিদ্ধ অবস্থায় আরও ১১জন নেতা-কর্মী চিকিত্সাধীন। এদিকে সংঘর্ষে তিন পুলিশসহ বিএনপি ও আওয়ামী লীগের কমপক্ষে ৩০জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শায়েদ সরকার ও জেলা বিএনপি নেতা জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নীলফামারী:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শহরে র্যাব ও পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে শিবিরের মোসলেম উদ্দিন নামে শিবিরের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জলঢাকা উপজেলা শহরের অদূরে পেট্রল পাম্প এলাকা থেকে জামায়াত শিবিরের একটি লাঠি মিছিল বের হয়। এ সময় পুলিশ বাধা দেয়। শিবিরের নেতা-কর্মীরা সেখানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে ভাঙচুর চালায় ও একটি বাসে অগ্নিসংযোগ করে। পুলিশ বাধা দিলে তারা ইট পাটকেল ও ককটেল ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোসলেম উদ্দিন (৩২) নামে শিবিরের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন । পুলিশসহ পাঁচজন আহত হন। জলঢাকা উপজেলা জামায়াতের আমীর আব্দুল গণি জানান, তাদের কর্মী মোসলেম উদ্দিন (৩২) পুলিশের গুলিতে আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি আরও জানান, তাদের আরও চারজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু টিয়ার সেল ও শর্টগানের গুলি ছোড়া হয়েছে। র্যাব ফাঁকা গুলি ছুড়েছে। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকন -উল -হাসান বলেন, পরিস্থিতি মোকাবেলায় র্যাব-পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েছে। এর মধ্যে র্যাবের ৭ রাউন্ড গুলির হিসাব জানা গেলেও শর্টগান ও টিয়ার সেলের হিসাব পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে ।

আরও সংঘর্ষ

পটুয়াখালী
পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী স্ট্যান্ড এলাকায় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ২০ জন নেতা-কর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে পটুয়াখালী সদর রোডে আওয়ামী লীগের সমাবেশ ছিল। একই সময়ে বটতলায় ছিল বিএনপির সমাবেশ। সমাবেশে যাওয়ার পথে জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বহরের সঙ্গে থাকা নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কের টি এ রোডের ফকিরাপুলের উত্তর পাশে আওয়ামী লীগ ও দক্ষিণ পাশে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। সকাল থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছেন তাঁরা। যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা লগি-বইঠা ও রামদা নিয়ে শহরে খণ্ড খণ্ড মিছিল করেছেন। একই সময়ে জেলা বিএনপির নেতা-কর্মীরা শহরের টি এ রোডে পাল্টা মিছিল করার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দেয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হকের অভিযোগ, পুলিশের সহায়তায় আওয়ামী লীগ লগি-বইঠা ও রামদা নিয়ে মিছিল করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সফিকুল ইসলাম জানান, দুই দল শহরের দুই প্রান্তে অবস্থান নেওয়ায় উত্তেজনা রয়েছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল এলাকায় আজ শুক্রবারের সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ১৮ দলের জোটের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোলাগুলির জন্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম পরস্পরকে দায়ী করেছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নোয়াখালী:
নোয়াখালী শহরে আজ শুক্রবার বিকেল চারটা থেকে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি চলে। সংঘর্ষ চলাকালে ১৮ দলীয় জোটের কর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়, দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এদিকে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় কার্যালয়ের আশেপাশের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফরিদপুর:
ফরিদপুরের বোয়ালমারীর নব নির্মিত রেল স্টেশন ভবনে হামলা করে জানালার কাঁচ ভাংচুর করেছে জামায়াত সমর্থকরা। পুলিশ দুটি কাঁদানে গ্যাস ও ১০টি রাবার বুলেট ছুড়ে হামলাকারিদের হটিয়ে দেয়। গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। রাবার বুলেটে আহত হয়েছেন জামায়াত ও বিএনপির দুই নেতা। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল তিনটার দিকে জামায়াত শিবিরের কর্মীরা ফরিদপুরের বোয়ালমারী এলাকায় নব নির্মিত রেলস্টেশন ভবনে হামলা চালায়। ভাঙচুর করার সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের সরিয়ে দেয়। এ সময় রাবার বুলেটে আহত হন উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম (২৫) ও বোয়ালমারী পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য পান্নু শেখ (৪০)। এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির ইমারত হোসেন চৌধুরী বলেন, জামায়াতের একটি শান্তিপূর্ণ মিছিল বোয়ালমারী বাসস্ট্যান্ড চত্ত্বরের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বোয়ালমারী রেল স্টেশনের কাছে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় স্টেশনের জানালার কাঁচ ভাঙ্গার ঘটনা ঘটে থাকতে পারে। ফরিদপুর সদরের সহকারি পুলিশ সুপার জাকির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১০টি রাবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, জামায়াত-শিবির পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে নব নির্মিত রেল স্টেশন ভবনে হামলা করে ভাঙচুর করেছে। তিনি বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে মামলা দায়ের করা হবে।