সিলেট বিভাগের চার জেলায় জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন গতকাল রোববার বিক্ষিপ্ত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় পুলিশ ও আনসারের দুই সদস্যসহ চারজন আহত হয়েছেন। এ ছাড়া ভোটারদের বাধা দিতে রাস্তা কেটে ফেলে দুর্বৃত্তরা। নির্বাচনবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
আনসার ও পুলিশ সদস্য আহত: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শরীফখানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল ভোরে পেট্রলবোমা হামলায় দায়িত্বরত আনসার সদস্য মোহাম্মদ আবদুল্লাহ (৪৫) ও পুলিশ কনস্টেবল মো. হানিফ গুরুতর আহত হন। দুজনকেই প্রথমে হবিগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় আবদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। তবে এ কেন্দ্রে যথারীতি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বানিয়াচং থানার ওসি সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি কেন্দ্র থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। আবদুস সামাদ আনসারী নামের ওই কর্মকর্তাকে গতকাল সন্ধ্যায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবদুস সামাদ আনসারী জানান, তিনি সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের খাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ভোট গ্রহণকালে দুপুরে খাশতলা গ্রামের হারিছ আলী নামের এক যুবক জাল ভোট দিতে এলে তিনি বাধা দেন। এ সময় হারিছকে পুলিশ লাঠিপেটা করে কেন্দ্র থেকে বের করে দেয়। ভোট গ্রহণ শেষে মোটরসাইকেলে করে উপজেলা সদরে ফেরার পথে খাশতলা গ্রামের পাশে হারিছ আলী আরও কয়েক যুবককে সঙ্গে নিয়ে তাঁদের পথরোধ করেন। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করেন যুবকেরা।
ইউপি সদস্যের বাড়িতে আগুন: কমলগঞ্জ থানা সূত্র জানায়, উপজেলার আরীনগর ইউনিয়নের চিৎলিয়া-মঙ্গলপুর কাঁচা সড়কটি গত শনিবার রাতে আড়াআড়িভাবে কেটে ফেলে দুর্বৃত্তরা। তা ছাড়া সড়কের ওপর ইটের স্তূপ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একই রাতে এই ইউনিয়ন পরিষদের সদস্য যোগিবিল গ্রামের বাসিন্দা সুকমার দের খড় রাখার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
পরিদর্শক (তদন্ত) বদরুল ইসলাম জানান, নির্বাচনের আগে শনিবার রাতে মুন্সীবাজার থেকে তারেকুল ইসলাম নামে ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া গতকাল ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে আদমপুর ইউনিয়নের নঈনারপার থেকে রুবেল মিয়া নামে ছাত্রদলের আরও এক কর্মীকে আটক করা হয়।
আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম: জুড়ীর পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদিরকে গতকাল বিকেলে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। গুরুতর অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বড় ধামাই গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় বড় ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে কাদির একা হেঁটে বাড়ি ফিরছিলেন। বড় ধামাই গ্রামের পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে সাত থেকে আটজনের একটি দল তাঁকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে।
ককটেল বিস্ফোরণ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টার দিকে দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সরকারদলীয় সমর্থকদের সহযোগিতায় স্থানীয় লোকজন ভোট দেন বলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইদুর রহমান জানান। তিনি জানান, বেলা সাড়ে তিনটা পর্যন্ত এখানে এক হাজার ৭৩৮টি ভোটের মধ্যে এক হাজারের কাছাকাছি ভোট পড়েছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন হবিগঞ্জ, সুনামগঞ্জ, তাহিরপুর, কমলগঞ্জ ও জুড়ী (মৌলভীবাজার), গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি]