বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কোথাও কোথাও আজ সোমবার বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। কাল ও পরশু আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে
ফাইল ছবি

আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

গতকাল রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ৭৫ মিলিমিটার। এর বাইরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে সিলেটে ২৫, কুমিল্লা ও নিকলীতে ১২ এবং শ্রীমঙ্গলে ১১ মিলিমিটার। এ সময়ে ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ঢাকায় সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ও সর্বনিম্ন ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওডিশা উপকূলের অদূরবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপটির বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।