বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠের তিনজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির এক সদস্যের শাস্তির দাবিতে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
চকরিয়া পৌরসভার পুরাতন বিমানবন্দরে বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অভিযোগ করে, শিক্ষক রণজিত কুমার, মিঠু কান্তি দেব ও তারেক রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন শিক্ষক রণজিত কুমার। কিন্তু আব্দুর রশিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কিছু শিক্ষককে সরকারি নির্দেশনার বাইরে গিয়ে বিশেষ কোচিং না করার জন্য বলায় তাঁরা পরিকল্পিতভাবে ‘বহিরাগত’ কিছু শিক্ষার্থী নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।