নীলফামারীর সৈয়দপুরে পূজামণ্ডপের জায়গা দখলের প্রতিবাদে গতকাল বুধবার শহরে মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজ কুমার পোদ্দার ও সাধারণ সম্পাদক, অধ্যাপক রঞ্জন কুমার রায়ের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুর্গামণ্ডপ কমিটির সভাপতি দেবাশীষ মজুমদার স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ারডাঙ্গাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে পূজা-অর্চনা করে আসছেন। ৯৭ শতকের এ জমি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত। অর্পিত সম্পত্তি অবমুক্তি-সংক্রান্ত জেলা কমিটিতে এ-সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। অথচ গত মঙ্গলবার সোবরাদু ইসলাম গং ওই জমি দখলে নেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার ঘটনাস্থলে গেলে তাঁকেও লাঞ্ছিত করে দখলকারীরা। ভারপ্রাপ্ত ইউএনও মুশফিকা ইফফাত স্মারকলিপি পাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।