বিক্ষোভের মুখে দুই ভূমি কর্মকর্তাকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরাব ভূমি কার্যালয়ের দুই কর্মকর্তাকে গতকাল বুধবার বিকেলে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। এর আগে সকাল থেকে এ দুজনের অপসারণ দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।
অন্তত ১০ জন ভুক্তভোগী বলেন, বরাব ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা আবু সাঈদ ও উপসহকারী ভূমি কর্মকর্তা কামরুল ইসলাম খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির নামজারি করতে শতাংশপ্রতি পাঁচ থেকে সাত হাজার টাকা ঘুষ নেন। চাহিদামতো ঘুষ না দিলে লোকজনকে নানাভাবে হয়রানি করেন তাঁরা। অবশ্য ওই দুই কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
গতকাল সকালে সাদিপুর ইউনিয়নের বাইশটেকীসহ ১০ গ্রামের কয়েক শ মানুষ জুতা ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করে বরাব ইউনিয়ন ভূমি কার্যালয়ের দিকে যান। খবর পেয়ে আবু সাঈদ ও কামরুল ইসলাম অন্য পথে পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ভূমি কার্যালয় ঘেরাও করে তাঁদের অপসারণ ও শাস্তির দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের বিভিন্ন কক্ষে তালা মেরে দেন বিক্ষোভকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযুক্ত দুই কর্মকর্তার শাস্তির আশ্বাস দিলে বেলা তিনটায় এলাকাবাসী বিক্ষোভ বন্ধ করেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা গতকাল বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার কারণে ওই কার্যালয়ের আবু সাঈদ ও কামরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।