বান্দরবানে লামা উপজেলার হাইদারনাশি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে গতকাল রোববার সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর অপসারণের দাবিতে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, প্রধান শিক্ষক সব সময় শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। গতকাল তিনি দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে হুমকি দেন তাদের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না। এরপর অভিভাবক ও শিক্ষার্থীরা মিছিল করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়।
কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয় চলাকালে তাঁর বাসায় ও বিদ্যালয়ের মাঠে মাটি কাটার কাজ করান। কাজ না করলে গালাগাল করেন।
অভিভাবক হেলাল উদ্দিন বলেন, প্রধান শিক্ষক আবদুল কাদের কারও সঙ্গে ভালো আচরণ করেন না। নিজের মতো করে বিদ্যালয় চালান। এ জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাঁর ওপর ক্ষুব্ধ।
এ ব্যাপারে বক্তব্য জানতে প্রধান শিক্ষক আবদুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেন তাঁর স্ত্রী এবং ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেদা বেগম। তিনি বলেন, সহকারী শিক্ষক সমীর দের নেতৃত্বে কয়েকজন শিক্ষক তাঁর স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
শাহেদা বেগম বলেন, তাঁর স্বামী উচ্চ রক্তচাপে ভুগছেন। তিনি ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন। তাই তাঁর পক্ষে এখন কথা বলা সম্ভব নয়।
সহকারী শিক্ষক সমীর দে বলেন, প্রধান শিক্ষক আবদুল কাদেরের অদক্ষতা, অযোগ্যতা ও স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি শাহেদা বেগমের অভিযোগ অস্বীকার করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন বলেন, প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি দিয়ে শ্রেণিকক্ষের তালা খুলে দেওয়া হয়েছে। তিনি জানান, সোমবার (আজ) ইউপি চেয়ারম্যান, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্র জানায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিনা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।