বিক্ষোভের মুখে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড মওকুফ
বস্তিবাসীদের অবরোধ-বিক্ষোভের মুখে একজন ভুয়া চিকিৎসককে ছেড়ে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে এ ঘটনা ঘটে। ওই ভুয়া চিকিৎসকের নাম মিজানুর রহমান। আদালত কারাদণ্ডাদেশ মওকুফ করে তাঁর কাছ থেকে কেবল জরিমানা আদায় করেছেন।
র্যাব সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে র্যাব-১-এর একটি দল কড়াইল আনসার ক্যাম্প-সংলগ্ন একজন ভুয়া চিকিৎসকের চেম্বারে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেখতে পান যে মিজানুর রহমানের চিকিৎসাসংক্রান্ত কোনো সনদ নেই। তবু তিনি রোগের ব্যবস্থাপত্র দিচ্ছেন। আদালত তাঁকে এক বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন। মিজানুরকে হাতকড়া পরিয়ে র্যাবের গাড়িতে তোলার সময় কয়েক শ বস্তিবাসী ভ্রাম্যমাণ আদালতকে ঘেরাও করে ফেলে। তারা মিজানুরের মুক্তির দাবিতে বিক্ষোভ করে। এ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা ২০-২৫ জন র্যাব সদস্য ও গণমাধ্যমের কর্মীরা বস্তিবাসীর কাছে অবরুদ্ধ হয়ে পড়েন।
খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। থানার অপারেশন কর্মকর্তা মো. আবু বকর মিয়া বলেন, বস্তিবাসীদের সঙ্গে আলোচনা শেষে কারাদণ্ড মওকুফ করে মিজানুরের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে তাঁকে ছেড়ে দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।